চট্টগ্রাম নগরের মোহরায় মদ পানের পর অসুস্থ হয়ে দুজনের মৃত্যু হয়েছে। পুলিশ বলছে, তাঁরা ‘বিষাক্ত মদ’ পান করেছিলেন। গতকাল রোববার নগরের একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তাঁদের মৃত্যু হয়।
মারা যাওয়া দুজনের একজনের বয়স ৫৫ বছর। তিনি মোহরার খেজুরতলা এলাকার বাসিন্দা। অন্যজনের বয়স ৫২ বছর, তাঁর বাড়ি রাঙ্গুনিয়া উপজেলায়। গতকালই দুজনের মরদেহ সৎকার করা হয়।
পুলিশ জানায়, গত শুক্রবার রাতে মোহরার খেজুরতলার ব্রাহ্মণপাড়া এলাকায় একটি অনুষ্ঠানে পাঁচ থেকে ছয়জন বিষাক্ত মদ পান করেন। এরপর তাঁদের মধ্যে বেশ কয়েকজন অসুস্থ হয়ে পড়েন এবং তাঁদের হাসপাতালে ভর্তি করা হয়। রোববার চিকিৎসাধীন অবস্থায় দুজনের মৃত্যু হয়।
চান্দগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইখতিয়ার উদ্দিন বলেন, মদ পানের পর বিষক্রিয়ায় দুজনের মৃত্যু হয়েছে। তিনি জানান, বিষাক্ত মদ পানে মৃত্যুর বিষয়টি পুলিশকে তাৎক্ষণিকভাবে জানানো হয়নি। সৎকারের পর ঘটনাটি জানতে পারে পুলিশ।
অন্য যাঁরা ওই অনুষ্ঠানে মদ পান করেছিলেন, তাঁদের বর্তমান শারীরিক অবস্থা সম্পর্কে এখনো বিস্তারিত জানা যায়নি। মদের উৎস ও সরবরাহকারী কারা, তা নিয়ে পুলিশের কোনো বক্তব্যও পাওয়া যায়নি।