বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬

প্রধানমন্ত্রী চলতি মাসে বগুড়া সফরে আসবেন, সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধনের কথা জানালেন প্রতিমন্ত্রী মীর শাহে আলম

বগুড়ায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকারবিষয়ক প্রতিমন্ত্রী জানান, জেলার জন্য ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন পেয়েছে।

চলতি মাসেই বগুড়া সফরে আসছেন প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। সফরে তিনি সিরাজগঞ্জ-বগুড়া রেলপথ উদ্বোধন করবেন। একই সঙ্গে করতোয়া নদী ও খাল পুনঃখননের আনুষ্ঠানিক সূচনা হবে। বৃহস্পতিবার বগুড়ায় এক অনুষ্ঠানে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী মীর শাহে আলম এমপি এ কথা জানান।

প্রতিমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী চলতি সপ্তাহের শেষ দিকে অথবা মাসের শেষ দিকে বগুড়া সফর করবেন। তাঁর ভাষ্য, বগুড়ার উন্নয়নে ২ হাজার ৭০০ কোটি টাকার প্রকল্প একনেকে অনুমোদন হয়েছে। জেলার সাতটি সংসদীয় আসনে সমানভাবে উন্নয়ন প্রকল্পের বরাদ্দ বণ্টন করা হবে। বগুড়া উন্নয়ন কর্তৃপক্ষের বিষয়টি ইতিমধ্যে জাতীয় সংসদে উত্থাপন করা হয়েছে। প্রতিমন্ত্রীর মতে, এটি পাস হলে নতুন কর্মসংস্থানের ব্যাপক সুযোগ তৈরি হবে।

দেশের উন্নয়ন কর্মকাণ্ড আরও গতিশীল করতে সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি। ধৈর্যের প্রসঙ্গ তুলে প্রতিমন্ত্রী বলেন, “আমাদের ধৈর্য খুব কম, অনেক সময় অস্থির হয়ে পড়ি। কিন্তু উন্নয়ন তার নিজস্ব গতিতে এগিয়ে যাবে।” তিনি আরও বলেন, চলমান প্রকল্পগুলো নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছেন প্রধানমন্ত্রী এবং নির্ধারিত সময়ে কাজ শেষ করতে অগ্রগতি সম্পর্কে খোঁজখবর নেন। সরকারের বিশেষ কর্মপরিকল্পনা ধাপে ধাপে বাস্তবায়ন করা হবে বলেও জানান তিনি।

বগুড়ার একটি কনভেনশন সেন্টারে স্থানীয় একটি সংবাদপত্রের ২৪তম প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বগুড়া-৬ সদর আসনের সংসদ সদস্য রেজাউল করিম বাদশা। উপস্থিত ছিলেন বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক, জেলা পরিষদের প্রশাসক ও জেলা প্রশাসকসহ স্থানীয় অন্য ব্যক্তিরা।