নাটোরের লালপুরে কার্যক্রম নিষিদ্ধ ঘোষিত আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাসবিরোধী আইনে পৃথক তিনটি মামলা দায়ের করা হয়েছে। এসব মামলায় সাবেক দুই সংসদ সদস্যসহ বিভিন্ন পর্যায়ের ২৪৮ জনের নাম উল্লেখ করে আসামি করা হয়েছে। পাশাপাশি অজ্ঞাতনামা আরও ৩৪০ থেকে ৪১০ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে পৃথক দুটি মামলায় চারজনকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ ও মামলা সূত্রে জানা যায়, গত ১৭ নভেম্বর লালপুর থানায় সন্ত্রাসবিরোধী আইনে প্রথম মামলাটি হয়। এতে উপজেলা আওয়ামী লীগের সভাপতি আফতাব হোসেন ঝুলফুকে প্রধান আসামি করে ১০৯ জনের নাম উল্লেখ করা হয়েছে; অজ্ঞাতনামা আসামি আরও ১৫০ থেকে ২০০ জন।
পরদিন ১৮ নভেম্বর একই আইনে আরও দুটি মামলা হয়। একটিতে সাবেক সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুলসহ ৯০ জনের নাম উল্লেখ করা হয়েছে, অজ্ঞাতনামা আসামি ১২০ থেকে ১৩০ জন। অন্যটিতে সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আবুল কালাম আজাদসহ ৪৯ জনের নাম রয়েছে, অজ্ঞাতনামা আসামি ৭০ থেকে ৮০ জন।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাতে উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে চারজনকে তাঁদের নিজ নিজ বাড়ি থেকে গ্রেপ্তার করা হয়। তাঁরা হলেন নাটোর জেলা যুবলীগের সাবেক সদস্য মো. সাইফুল ইসলাম ওরফে গোল্ডেন সাইফুল (৫০), গোপালপুর পৌর যুবলীগের সাবেক সক্রিয় সদস্য মো. আনোয়ারুল আজিম ওরফে বাপ্পি (৫১), উপজেলা যুবলীগের সক্রিয় সদস্য মো. শামীম আহমেদ (৫০) এবং একই সংগঠনের মো. ইব্রাহিম সরদার ওরফে শুকুর (৫৬)। শামীম ও ইব্রাহিমকে ১৭ নভেম্বরের মামলায় এবং সাইফুল ও আনোয়ারুলকে ১৮ নভেম্বরের একটি মামলায় গ্রেপ্তার দেখানো হয়েছে।
লালপুর থানার ওসি মো. শফিকুল ইসলাম জানান, গ্রেপ্তার চারজনকে শুক্রবার দুপুরে আদালতে পাঠানো হয়েছে। মামলার আসামিরা অভিযুক্ত মাত্র; আদালতে অভিযোগ প্রমাণিত হয়নি।