রাজশাহীর মোহনপুরে একটি চুরির মামলার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্তের দাবি জানিয়েছেন মামলার প্রধান আসামি ব্যবসায়ী আব্দুল মালেক বাবুল। পুলিশের তদন্ত ও পরবর্তী পদক্ষেপ নিয়ে পক্ষপাতের আশঙ্কা প্রকাশ করে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন মহলের হস্তক্ষেপ কামনা করেছেন।
মঙ্গলবার দুপুরে মোহনপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে তিনি এসব দাবি জানান। বাবুল কেশরহাট বাজার উচ্চ বিদ্যালয় মার্কেটের ফিড ও ফার্নিচার ব্যবসায়ী।
লিখিত বক্তব্যে তিনি জানান, ওই মার্কেটে দীর্ঘদিন ধরে তিনি ব্যবসা করছেন। সম্প্রতি ব্যবসা সম্প্রসারণের জন্য আরেকটি দোকানঘর ভাড়া নিতে গেলে প্রতিপক্ষ নজরুল ইসলাম নিজামের সঙ্গে তাঁর বিরোধ সৃষ্টি হয়। একপর্যায়ে বিষয়টি আদালত পর্যন্ত গড়ায়। নিজাম তাঁর বিরুদ্ধে একাধিক মামলা করলে তিনিও আইনি প্রতিকার চেয়ে পদক্ষেপ নেন।
বাবুলের দাবি, গত রোববার একটি মামলার তদন্তের অংশ হিসেবে মোহনপুর থানা পুলিশ তাঁর ব্যবসাপ্রতিষ্ঠানে যায় এবং হারানো কিছু ফার্নিচার ও যন্ত্রপাতি উদ্ধারের বিষয়ে জানতে চায়। তিনি পুলিশকে জানান, তাঁকে ফাঁসানোর উদ্দেশ্যে মামলার বাদীপক্ষের একজন গোপনে কিছু ফার্নিচার বিক্রি করেছেন বলে তিনি খোঁজ নিয়ে জেনেছেন। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ ঘটনাস্থলে গিয়ে সংশ্লিষ্ট ক্রেতা ও বিক্রেতাকে মালামালসহ আটক করে থানায় নিয়ে যায়। এর প্রমাণ হিসেবে তিনি সংবাদ সম্মেলনে একটি ছবি উপস্থাপন করেন।
তিনি আরও জানান, এ মামলায় বর্তমানে তিনি ও অন্য ছয় আসামি জামিনে আছেন। মামলার দ্বিতীয় আসামি করা হয়েছে কেশরহাট উচ্চবিদ্যালয়ের প্রধান শিক্ষক শফিকুল ইসলামকে।
বাবুল বলেন, তদন্তে পুলিশের প্রাথমিক ভূমিকা ইতিবাচক ছিল। তবে মালামালসহ দুজনকে আটকের পর থানা থেকে ছেড়ে দেওয়ায় তাঁর মনে নানা প্রশ্ন ও শঙ্কা তৈরি হয়েছে। তদন্তের পরবর্তী পর্যায়ে পুলিশ পক্ষপাতমূলক আচরণ করছে কি না, তা নিয়েও তিনি উদ্বেগ প্রকাশ করেন। মামলার প্রকৃত ঘটনা উদ্ঘাটন, হারানো মালামাল উদ্ধার এবং নিরপেক্ষ তদন্ত নিশ্চিত করতে তিনি প্রশাসনের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ চান।
এ বিষয়ে প্রতিপক্ষ নজরুল ইসলাম নিজাম বা পুলিশের বক্তব্য সংবাদ সম্মেলনে পাওয়া যায়নি।