ডেটিং অ্যাপের মাধ্যমে পরিচয় করে দেখা করতে ডেকে এনে এক ফ্রিল্যান্সারকে চার দিন জিম্মি রেখে প্রায় ৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার ঘটনায় একটি প্রতারক চক্রের তিন সদস্যকে গ্রেপ্তার করেছে ঢাকা মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশ। ১৩ নভেম্বর দুপুরে ডিবির মিরপুর বিভাগের অভিযানে ভুক্তভোগী তৌহিদ হোসেন উদ্ধার হন। এ ঘটনায় কাফরুল থানায় মামলা হয়েছে।
ডিবির তথ্য অনুযায়ী, ৮ নভেম্বর অ্যাপের মাধ্যমে রকি নামের একজনের সঙ্গে তৌহিদের পরিচয় হয়। পরদিন সকাল সাড়ে ১০টার দিকে শহীদ পুলিশ স্মৃতি কলেজের সামনে দেখা হওয়ার পর রকি তাঁকে কাছের একটি বাসায় যাওয়ার প্রস্তাব দেন। সেখানে গেলে রকি, রনি, আসিফসহ কয়েকজন তাঁকে আটকে ফেলেন। বাসায় আগে থেকেই আরও পাঁচ-ছয়জন ছিলেন, যাঁদের পরিচয় পুলিশ এখনো নিশ্চিত করতে পারেনি।
তদন্তসংশ্লিষ্ট কর্মকর্তারা জানান, তাঁকে মারধর করে মোবাইল ফোনে থাকা মোবাইল ব্যাংকিং ও ব্যাংকের অ্যাপ পরীক্ষা করা হয়। পিন নম্বর জেনে নিয়ে বিভিন্ন হিসাব থেকে টাকা বিকাশ অ্যাকাউন্টে সরানো হয় এবং এজেন্টদের মাধ্যমে ছোট ছোট অঙ্কে তুলে নেওয়া হয়। একপর্যায়ে তৌহিদের স্ত্রীর কাছেও মুক্তিপণ চাওয়া হয়। স্ত্রী বিষয়টি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে জানালে তথ্যপ্রযুক্তির সহায়তায় অবস্থান শনাক্ত করে ডিবি তাঁকে উদ্ধার করে। চার দিনে তাঁর কাছ থেকে প্রায় আট লাখ টাকা নেওয়া হয়েছিল; এর মধ্যে ১ লাখ ৮০ হাজার টাকা উদ্ধার করা গেছে, বাকি টাকা উদ্ধারের চেষ্টা চলছে।
অভিযানে গ্রেপ্তার হয়েছেন মো. আসিফ (২৭), মো. আলী (২১) ও রনক হোসেন (১৮)। চক্রের হোতা হিসেবে চিহ্নিত রকি ও রনি পালিয়ে গেছেন; তাঁদের ধরতে অভিযান চলছে। জিজ্ঞাসাবাদের বরাত দিয়ে ডিবি জানায়, আসিফ প্রথমবার এ প্রতারণায় যুক্ত হয়েছেন।
ডিবির কর্মকর্তারা বলছেন, চক্রের সদস্যরা বিভিন্ন অ্যাপে ভুয়া অ্যাকাউন্ট খুলে পরিচয় গোপন করে মানুষের সঙ্গে যোগাযোগ করেন, পরে দেখা করার কথা বলে নির্দিষ্ট স্থানে ডেকে এনে আটকে টাকা আদায় করেন। চক্রটিতে নারী ও পুরুষ—দুই ধরনের সদস্যই আছেন। অপরিচিত কারও ডাকে একা অচেনা স্থানে না যাওয়ার পরামর্শ দিয়েছেন তাঁরা।