যশোর দক্ষিণ-পশ্চিম রিজিয়নের আওতাধীন সীমান্ত এলাকায় গত আড়াই মাসে প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকার মাদক ও চোরাচালানের মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গতকাল বুধবার দুপুরে চুয়াডাঙ্গা-৬ বিজিবি ব্যাটালিয়নের পরিচালক ও অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল নাজমুল হাসানের স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরে সাতটি ব্যাটালিয়ন ও ১১৬টি সীমান্তচৌকির (বিওপি) মাধ্যমে প্রায় ৬০০ কিলোমিটার সীমান্তে প্রতিদিন গড়ে ৪৬৪টি টহল চালানো হচ্ছে। নিয়মিত টহলের পাশাপাশি বিশেষ অভিযান, তল্লাশি ও গোয়েন্দা নজরদারি চলছে।
বিজিবির হিসাব অনুযায়ী, গত ১ সেপ্টেম্বর থেকে এ পর্যন্ত বিভিন্ন অভিযানে ১৫২ আসামিসহ প্রায় ৫২ কোটি ৯ লাখ টাকার বিভিন্ন চোরাচালানের মালামাল জব্দ করা হয়েছে। এর মধ্যে রয়েছে ৯ কেজি স্বর্ণ, পাঁচটি বিভিন্ন ধরনের অস্ত্র এবং ছয় রাউন্ড গুলি।
মাদকবিরোধী বিশেষ অভিযানে জব্দ করা হয়েছে ২ হাজার ৯৪৬ বোতল মদ, ১ হাজার ১৬ বোতল ফেনসিডিল, সাত কেজি ক্রিস্টাল মেথ (আইস), ১৮৯ কেজি গাঁজা, ৬১ হাজার ২৬০ পিস ইয়াবা ট্যাবলেট এবং তিন লাখ ২ হাজার ২২৮টি অন্যান্য নেশাজাতীয় ট্যাবলেট। এসব মাদকের বাজারমূল্য প্রায় ৩০ কোটি ২৬ লাখ টাকা। সব মিলিয়ে জব্দ করা মাদক ও চোরাই পণ্যের মূল্য প্রায় ৮২ কোটি ৩৫ লাখ টাকা।
বিজিবি আরও জানিয়েছে, অবৈধ অনুপ্রবেশ, পুশইন ও মানব পাচার ঠেকাতে ঝুঁকিপূর্ণ এলাকা চিহ্নিত করে টহল ও গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়েছে। স্থানীয় প্রশাসন, পুলিশ ও আনসার সদস্যদের সমন্বয়ে যৌথ টাস্কফোর্স অভিযান চলছে। এর পাশাপাশি ভোজ্যতেল ও জ্বালানি তেলের অবৈধ মজুত, কৃত্রিম সংকট এবং পাচার প্রতিরোধেও কার্যক্রম চালানো হচ্ছে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।