রাজশাহীর পুঠিয়া উপজেলায় ব্যবসায়িক পাওনা সাত লাখ টাকা চাইতে গিয়ে অস্ত্রের মুখে জিম্মি হওয়ার অভিযোগ করেছেন আব্দুল হাই (৪২) নামের এক ব্যক্তি। তিনি বলেন, এ সময় তাঁর কাছ থেকে জোর করে ফাঁকা স্ট্যাম্পে স্বাক্ষর নেওয়া হয়েছে এবং মোটরসাইকেল ও নগদ ৩২ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয়েছে। ঘটনায় তিনজনের বিরুদ্ধে পুঠিয়া থানায় লিখিত অভিযোগ দিয়েছেন তিনি।
অভিযুক্তরা হলেন পুঠিয়ার কাঁঠালবাড়িয়া গ্রামের বিপ্লব (৪০) ও শফিকুল ইসলাম স্বাধীন (৫০) এবং বেলপুকুর থানার আগলা গ্রামের আল হাসিব (৩৮)। অভিযোগ সূত্রে জানা গেছে, ব্যবসায়িক প্রয়োজনে বিপ্লবের কাছে আব্দুল হাইয়ের সাত লাখ টাকা পাওনা ছিল। টাকা পরিশোধের নিশ্চয়তা হিসেবে বিপ্লব একটি চেকও দিয়েছিলেন। প্রায় এক বছর পেরিয়ে গেলেও টাকা পরিশোধ হয়নি।
অভিযোগে বলা হয়েছে, ১৭ নভেম্বর বিকেলে পুঠিয়া ত্রিমোহনী বাজারের সিক্স বিল্ডিং-সংলগ্ন একটি চায়ের দোকানে আব্দুল হাইকে ডেকে নেওয়া হয়। পরে একটি কক্ষে তাঁকে জিম্মি করে গলায় হাসুয়া ঠেকিয়ে তিনটি ১০০ টাকার ও একটি ৫০ টাকার নন-জুডিশিয়াল স্ট্যাম্পে জোর করে স্বাক্ষর নেওয়া হয়।
আব্দুল হাইয়ের দাবি, ওই স্ট্যাম্পে আল হাসিবের কাছে মোটরসাইকেল মেরামত ও যন্ত্রাংশ কেনা বাবদ ৫১ হাজার ৪৮০ টাকা পাওনা থাকার কথা লিখে নেওয়া হয়েছে। সেখানে এ-ও লেখা হয়েছে যে ওই টাকা পরিশোধে তিনি স্বেচ্ছায় মোটরসাইকেল জমা দিয়েছেন। তাঁর দাবি, এমন কোনো পাওনা ছিল না, মোটরসাইকেলও তিনি স্বেচ্ছায় জমা দেননি। তাঁর ডিসকভার-১০০ মোটরসাইকেল ও সঙ্গে থাকা ৩২ হাজার টাকা নিয়ে নেওয়া হয়। তিনি আরও অভিযোগ করেন, এ সময় তাঁকে মারধর ও প্রাণনাশের হুমকি দেওয়া হয়েছে।
অভিযোগ অস্বীকার করে বিপ্লব বলেন, তিনি পাওনা টাকা আদায় করেছেন। তাঁর ভাষ্য, আব্দুল হাই বারবার টাকা দেওয়ার কথা বলে সময় নিচ্ছিলেন, তাই স্ট্যাম্প নেওয়া হয়েছে। সে সময় স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন বলেও তিনি দাবি করেন।
পুঠিয়া থানার ওসি ফরিদুল ইসলাম বলেন, লিখিত অভিযোগ পাওয়া গেছে এবং তদন্ত চলছে। তদন্তে যা পাওয়া যাবে, সে অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।