সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসক ও জনবলের সংকটে চিকিৎসাসেবা ব্যাহত হচ্ছে। ৫০ শয্যায় উন্নীত হওয়ার পরও হাসপাতালটির কার্যক্রম চলছে ৩১ শয্যার জনবল দিয়ে।
হাসপাতাল সূত্রে জানা গেছে, ২০২৩ সালে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় হাসপাতালটিকে ৩১ থেকে ৫০ শয্যায় উন্নীত করার প্রশাসনিক অনুমোদন দেয়। কিন্তু প্রয়োজনীয় জনবল নিয়োগ না হওয়ায় চার বছর ধরে পুরোনো কাঠামোতেই চলছে হাসপাতাল। বর্তমানে ১৬৬টি পদের বিপরীতে কর্মরত আছেন মাত্র ৭৯ জন।
চিকিৎসক সংকটের চিত্র উদ্বেগজনক। জুনিয়র কনসালট্যান্টের চারটি পদের মধ্যে কর্মরত আছেন দুজন। সহকারী সার্জন ও মেডিকেল অফিসারের ১১টি পদের মধ্যে কর্মরত পাঁচজন। ইমারজেন্সি মেডিকেল অফিসারের চারটি পদই শূন্য। ২৫টি সিনিয়র স্টাফ নার্সের পদের বিপরীতে আছেন মাত্র চারজন, যাঁদের তিনজন প্রশিক্ষণে থাকায় কার্যকর জনবল আরও কম। মিডওয়াইফের চারটি পদের একজনও মাতৃত্বকালীন ছুটিতে আছেন।
ল্যাব, রেডিওগ্রাফি ও ডেন্টালসহ গুরুত্বপূর্ণ মেডিকেল টেকনোলজিস্টের পদগুলোও শূন্য। গাইনি কনসালট্যান্ট না থাকায় সিজারিয়ান অপারেশন বন্ধ রয়েছে। টেকনিশিয়ান না থাকায় হাসপাতালের একমাত্র এক্স-রে মেশিন অকেজো পড়ে আছে।
স্থানীয়দের অভিযোগ, এ অবস্থায় প্রয়োজনীয় চিকিৎসাসেবা নিশ্চিত করা সম্ভব হচ্ছে না। তাঁদের মতে, জনবল সংকট দূর করতে সরকার উদ্যোগ নিলে সেবার মান বাড়বে।