শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের কিউআর কোডসহ নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা পুলিশের

প্রতারণা, কর ফাঁকি ও অর্থপাচার ঠেকাতে দেশে কর্মরত বিদেশিদের নিবন্ধনের উদ্যোগ নিয়েছে পুলিশ; কাজটি এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

বাংলাদেশে কর্মরত বিদেশি নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার পরিকল্পনা করেছে পুলিশ। এ বিষয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সুরক্ষা সেবা বিভাগসহ একাধিক দপ্তর ইতিমধ্যে কাজ শুরু করেছে। বিদেশি নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত করা এবং তাঁদের মাধ্যমে হওয়া প্রতারণা, কর ফাঁকি ও অর্থপাচার রোধ করাই এই উদ্যোগের লক্ষ্য বলে জানানো হয়েছে।

আইন প্রয়োগকারী সংস্থার তথ্য অনুযায়ী, কয়েকজন বিদেশি নাগরিক দেশে স্ক্যামিং, অনলাইন জুয়া ও সাইবার প্রতারণাসহ নানা অপরাধে জড়িত। আবার অনেকে অন-অ্যারাইভাল ভিসা বা ট্যুরিস্ট ভিসায় এসে অনুমোদন ছাড়া কাজ করছেন বলে অভিযোগ রয়েছে। সংশ্লিষ্টদের ভাষ্য, এঁদের মাধ্যমে বড় অঙ্কের কর ফাঁকি হচ্ছে এবং অবৈধ পথে বিপুল অর্থ বিদেশে চলে যাচ্ছে। এসব ঠেকাতে বিদেশিদের কিউআর কোডসংবলিত নিবন্ধনের আওতায় আনার কথা ভাবা হচ্ছে।

গত ২৯ আগস্ট রাজারবাগ পুলিশ লাইনে পুলিশ সদর দপ্তরের আয়োজনে ত্রৈমাসিক সম্মেলনে বিশেষ শাখার (এসবি) তৎকালীন প্রধান প্রথম এই প্রস্তাব দেন। সম্প্রতি স্বরাষ্ট্র মন্ত্রণালয়, এসবি এবং বহিরাগমন ও পাসপোর্ট অধিদপ্তরসহ সংশ্লিষ্ট বিভাগ বিষয়টি নিয়ে কাজ শুরু করেছে। তবে কাজটি এখনো প্রাথমিক পর্যায়েই আছে বলে সংশ্লিষ্ট ব্যক্তিরা জানান।

নাম প্রকাশে অনিচ্ছুক এসবির একজন ডিআইজি বলেন, কিউআর কোডসংবলিত নিবন্ধন ব্যবস্থা চালুর বিষয়ে কাজ চলছে। এতে বিদেশিদের নিরাপত্তা দেওয়া সহজ হবে, আর কেউ অপরাধে জড়ালে তাঁকে সহজে শনাক্ত করা যাবে।

স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব ড. জিয়া উদ্দিন আহমেদ বলেন, দেশে কর্মরত বিদেশি শ্রমিক ও নাগরিকদের নিবন্ধনের আওতায় আনার কাজটি দ্রুত বাস্তবায়ন করতে হবে; এটি খুবই জরুরি। বর্তমানে বাংলাদেশে কত বিদেশি শ্রমিক ও নাগরিক অবস্থান করছেন, জানতে চাইলে তিনি জানান, এ বিষয়ে হালনাগাদ তথ্য মন্ত্রণালয়ের কাছে নেই।