বগুড়ার সোনাতলা উপজেলায় গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত এক আসামিকে আটকের সময় পুলিশের ওপর হামলা চালিয়ে তাঁকে ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটেছে। এ সময় দুই পুলিশ সদস্য মারধরের শিকার হন এবং পুলিশের পিকআপ ভ্যান ভাঙচুর করা হয়। শুক্রবার (৬ নভেম্বর) বেলা ১১টার দিকে উপজেলার ফুলবাড়িয়া গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ সূত্রে জানা গেছে, ফুলবাড়িয়া গ্রামের সালাম মাস্টারের ছেলে গোলাম কবির সুমনের (৩৬) বিরুদ্ধে একটি প্রতারণা মামলায় আদালতের গ্রেপ্তারি পরোয়ানা ছিল। সেই পরোয়ানা কার্যকর করতে শুক্রবার সকালে সোনাতলা থানার উপপরিদর্শক (এসআই) শিমুল কুমার দাস ও সহকারী উপপরিদর্শক (এএসআই) মেহেদী হাসান পুলিশের একটি পিকআপ ভ্যান নিয়ে তাঁর বাড়িতে যান।
পুলিশ সদস্যরা সুমনকে আটক করে পিকআপে তোলার সময় স্থানীয় একদল লোক তাঁদের ওপর হামলা চালান। হামলাকারীরা দুই পুলিশ সদস্যকে মারধর করে সুমনকে ছিনিয়ে নেন। একপর্যায়ে পুলিশের পিকআপ ভ্যানটিও ভাঙচুর করা হয়।
খবর পেয়ে থানা থেকে অতিরিক্ত পুলিশ সদস্য ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনেন। আহত দুই পুলিশ সদস্যকে সোনাতলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়।
সোনাতলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কবির হোসেন জানান, বর্তমানে এলাকার পরিস্থিতি স্বাভাবিক রয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার সন্দেহে চার নারীকে আটক করে থানায় রাখা হয়েছে এবং তাঁদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। ওসি আরও বলেন, এ ঘটনায় জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে। ছিনিয়ে নেওয়া আসামিকে ফের গ্রেপ্তার করা গেছে কি না, তা প্রতিবেদন তৈরির সময় জানা যায়নি।