চলতি মাসের ৯ থেকে ১১ নভেম্বর—এই তিন দিনে রেলওয়ের পূর্বাঞ্চলের বিভিন্ন স্থানে আটটি নাশকতার ঘটনা ঘটেছে। এসব ঘটনায় ট্রেন চলাচল ব্যাহত হয়েছে এবং কয়েকটি ট্রেনের যাত্রা বিলম্বিত হয়েছে। এ পরিস্থিতিতে রেললাইন, স্টেশন, ট্রেনসহ গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা জোরদারে ২০ দফা নির্দেশনা দিয়েছে রেলওয়ে পূর্বাঞ্চল।
রেলওয়ের তথ্য অনুযায়ী, কোথাও স্টেশনে ককটেল বিস্ফোরণ ঘটানো হয়েছে, কোথাও স্টেশনমাস্টারের কক্ষে পেট্রলবোমা ছুড়ে আগুন দেওয়া হয়েছে। ট্রেনের আসন পুড়িয়ে দেওয়া, কোচের যন্ত্রাংশ কেটে ফেলা এবং রেললাইনের পাশে আগুন ধরিয়ে দেওয়ার ঘটনাও ঘটেছে। রেলওয়ের একটি প্রতিবেদনে ৯ থেকে ১১ নভেম্বর পর্যন্ত এসব ঘটনার বিবরণ তুলে ধরা হয়েছে।
১২ নভেম্বর দেওয়া ২০ দফা নির্দেশনা রেল পরিচালনা ও নিরাপত্তার দায়িত্বে থাকা কর্মকর্তাদের বাস্তবায়ন করতে বলা হয়েছে। সংশ্লিষ্ট কর্মকর্তাদের নিজ নিজ অধিক্ষেত্রে নিরাপত্তাব্যবস্থা জোরদার করার কথাও বলা হয়েছে।
পূর্বাঞ্চলের চট্টগ্রাম বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক মোস্তাফিজুর রহমান ভূঁঞা নির্দেশনা দেওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, কিছুদিন ধরে রেলওয়ের স্টেশনসহ বিভিন্ন স্থাপনায় ককটেল বিস্ফোরণসহ নানা ধরনের নাশকতার ঘটনা ঘটেছে। এ কারণে ট্রেন চলাচল নিরাপদ রাখা এবং স্থাপনাগুলো সুরক্ষিত রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। তাঁর ভাষ্য, নির্দেশনা বাস্তবায়নে উচ্চপর্যায় থেকে তদারকি করা হচ্ছে, রেলের কর্মকর্তারা সরেজমিনে দায়িত্ব পালন করছেন এবং রেলকর্মীরাও সতর্ক অবস্থানে রয়েছেন।
ট্রেন পরিচালনার সুবিধার্থে বাংলাদেশ রেলওয়ে দুটি অঞ্চলে বিভক্ত। যমুনা নদীর পূর্ব পাশ নিয়ে গঠিত পূর্বাঞ্চলের আওতায় রয়েছে ঢাকা, চট্টগ্রাম, সিলেট ও ময়মনসিংহ বিভাগ; পশ্চিম পাশ নিয়ে গঠিত পশ্চিমাঞ্চলের আওতায় রয়েছে রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগ। রেলওয়ের তথ্য অনুযায়ী, পূর্বাঞ্চলে প্রতিদিন গড়ে ৫৮টি আন্তনগর, ৪৬টি মেইল ও কমিউটার এবং ৩২টি লোকাল ট্রেন চলাচল করে।