রবিবার, ১৫ নভেম্বর, ২০২৬

গত সাত দিন ধরে ফোন ও হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন বলে জানালেন এনসিপির সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু

সংসদে বৃহস্পতিবারের ঘটনার পর ফেসবুক পোস্টে তিনি নিজের আবেগ-ক্ষোভের কথা লিখেছেন এবং নিরাপত্তাহীনতার অভিযোগ তুলেছেন।

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সংসদ সদস্য ডা. মাহামুদা মিতু জানিয়েছেন, গত সাত দিন ধরে তিনি সরাসরি ফোনে এবং হোয়াটসঅ্যাপে হত্যার হুমকি পাচ্ছেন। এর আগেও তিনি এমন হুমকি পেয়েছেন বলে জানান তিনি। শুক্রবার নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক পোস্টে তিনি এ কথা লেখেন।

পোস্টে মাহামুদা মিতু বলেন, ১২ নভেম্বর জাতীয় সংসদে ঘটে যাওয়া ঘটনার প্রেক্ষাপটে তিনি প্রচণ্ড আবেগপ্রবণ হয়ে পড়েছিলেন এবং একপর্যায়ে মেজাজও হারিয়েছিলেন। তাঁর ভাষ্য অনুযায়ী, জুলাই গণ-অভ্যুত্থানে শহীদদের রক্ত, আহতদের ত্যাগ এবং হান্নান মাসুদ ও নাহিদ ইসলামের মতো নেতাদের আত্মত্যাগের ওপর দাঁড়িয়ে এই সংসদ। অথচ যুক্তিতে না পেরে সংসদের ভেতরেই তাঁদের তুই-তুকারি করা ও বেয়াদব বলে অপমান করা হচ্ছে।

সংসদের ভেতরের ঘটনার বর্ণনায় তিনি লেখেন, হান্নানকে বারবার ‘বস’ ও ‘বেয়াদব’ বলা হলে তিনি চিৎকার করে বলেছিলেন, হত্যার হুমকি ও বাড়িতে আগুন দেওয়ার মতো ঘটনা তো তাঁদের সঙ্গেই ঘটছে। মাহামুদা মিতুর মতে, যাঁরা আঁতাত করে রাজনীতি করেন, তাঁরা কখনো বুঝবেন না যে বাবা-মা, সন্তান ও নিজের নিরাপত্তা অনিশ্চিত রেখে রাজনীতি করতে কতটা সাহস লাগে।

নিজের হুমকির কথা সামনে আনলেও এটিকে লঘু করার চেষ্টা হতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন এই সংসদ সদস্য। এ ক্ষেত্রে তিনি এনসিপির আরেক সংসদ সদস্য নুসরাত তাবাসসুমের বাড়িতে আগুনের ঘটনার প্রসঙ্গ টেনেছেন, যে ঘটনাকে ঘিরে ইতিমধ্যে নানা বিতর্ক চলছে। পোস্টের শেষে তিনি শহীদ ওসমান হাদির একটি উক্তি উদ্ধৃত করে ক্ষোভ প্রকাশ করেন। হুমকির বিষয়ে পুলিশ বা সরকারের কোনো প্রতিক্রিয়া এখনো জানা যায়নি।