বৃহস্পতিবার, ০৮ অক্টোবর, ২০২৬

জাতিসংঘে ভাষণ দিয়ে দ্রুত নিউইয়র্ক ছাড়লেন নেতানিয়াহু, ব্যাপক বিক্ষোভ ও আটক

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু নিউইয়র্কে জাতিসংঘে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই শহর ছাড়েন।

ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনে ভাষণ দেওয়ার কয়েক ঘণ্টার মধ্যেই নিউইয়র্ক ত্যাগ করেছেন। একই দিন শহরে পৌঁছে জাতিসংঘে বক্তব্য দেওয়ার পর তিনি সরাসরি ইসরায়েলের উদ্দেশে রওনা হন। ইসরায়েলের সরকারি সম্প্রচারমাধ্যম কান এই তথ্য নিশ্চিত করেছে। ভাষণ শেষে নেতানিয়াহু প্যারাগুয়ে, পানামা ও বলিভিয়ার নেতাদের সঙ্গে বৈঠক করেন। এসব বৈঠকে তিনি ‘আইজ্যাক অ্যাকর্ডস’-এর মাধ্যমে ইসরায়েলের সঙ্গে সম্পর্ক আরও গভীর করার আহ্বান জানান। ইসরায়েলি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণেই নেতানিয়াহুর নিউইয়র্ক সফর সংক্ষিপ্ত করা হয়ে থাকতে পারে, যদিও ইসরায়েলি কর্তৃপক্ষের পক্ষ থেকে দ্রুত ফিরে যাওয়ার বিস্তারিত কারণ জানানো হয়নি। নেতানিয়াহুর এই সফরকে কেন্দ্র করে নিউইয়র্কে ব্যাপক বিক্ষোভ হয়। বিক্ষোভকারীরা জাতিসংঘের সদর দপ্তরের আশপাশে সড়ক অবরোধ করে কর্মসূচি পালন করেন। এসব বিক্ষোভ থেকে প্রায় ১০০ জনকে হেফাজতে নেওয়া হয়েছিল বলে জানা গেছে। আল জাজিরার প্রতিবেদনে পরে শতাধিক গ্রেপ্তারের কথা বলা হয়েছে। এর আগে নিউইয়র্কের মেয়র জোহরান মামদানি নির্বাচনী প্রচারের সময় নেতানিয়াহু শহরে এলে তাকে গ্রেপ্তারের কথা বলেছিলেন। পরে অবশ্য তিনি স্বীকার করেন যে, নিউইয়র্ক সিটি কর্তৃপক্ষের এককভাবে নেতানিয়াহুকে গ্রেপ্তার করার আইনগত ক্ষমতা নেই। তবে তিনি আন্তর্জাতিক অপরাধ আদালতের (আইসিসি) জারি করা গ্রেপ্তারি পরোয়ানার প্রতি সম্মান দেখানোর আহ্বান জানিয়েছিলেন। বৃহস্পতিবার জাতিসংঘে নেতানিয়াহুর ভাষণ দেওয়ার সময় অনেক দেশের প্রতিনিধি সভাকক্ষ ছেড়ে বেরিয়ে যান। এছাড়া, তার বক্তব্যকে ঘিরে নিউইয়র্কের বাইরে একই সময়ে পাল্টাপাল্টি বিক্ষোভও সংঘটিত হয়েছে।