মঙ্গলবার, ২৭ অক্টোবর, ২০২৬

টেস্টের আগের দিন অনুশীলনে আঙুলে চোট পেলেন মুশফিক, উইকেটকিপিংয়ে প্রস্তুত লিটন

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে বুধবার মিরপুরে শুরু হতে যাওয়া প্রথম টেস্টের আগে নেটে ব্যাটিং করতে গিয়ে ডান হাতের তর্জনীতে ব্যথা পান মুশফিকুর রহিম।

ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে প্রথম টেস্ট শুরুর আগের দিন মঙ্গলবার অনুশীলনে আঙুলে চোট পেয়েছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। আগামীকাল বুধবার থেকে মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে টেস্টটি শুরু হওয়ার কথা।

মূল মাঠে হালকা গা গরম আর ফিল্ডিং অনুশীলনের পর বাংলাদেশ দলের ক্রিকেটাররা একাডেমি মাঠে যান। সেখানে আলাদা তিনটি নেটে ব্যাটিং করছিলেন মুশফিকুর রহিম, তানজিদ হাসান ও তাওহিদ হৃদয়। এ সময় নেট বোলারের একটি বাউন্সার এসে লাগে মুশফিকের আঙুলে। ব্যথায় তিনি সঙ্গে সঙ্গে নেটের পাশে বসে পড়েন। কিছুক্ষণ পর নেট ছেড়ে বেরিয়ে এসে চেয়ারে বসেন। সেখানেই জাতীয় দলের ফিজিও বায়েজীদুল ইসলামের তত্ত্বাবধানে তাঁর শুশ্রূষা চলে।

মুশফিককে বেশ কিছু সময় ব্যথায় কাতরাতে দেখা গেছে। মিনিট বিশেক একাডেমি মাঠে শুশ্রূষার পর ডান হাতের তর্জনীতে টেপ পেঁচিয়ে তিনি ড্রেসিংরুমে ফিরে যান; এরপর আর ব্যাটিং করেননি। তাঁর ব্যথা কতটা গুরুতর, তা এখনো জানা যায়নি।

মুশফিক ব্যথা পাওয়ার কিছুক্ষণ পরই নেটে উইকেটকিপিং করেছেন লিটন দাস। সাধারণত অনুশীলনে তাঁকে আলাদাভাবে কিপিং করতে দেখা যায়, তবে আজ তাঁকে শরিফুল ইসলামের পেছনে নেটে কিপিং করতে দেখা গেছে। প্রধান কোচ ফিল সিমন্স গতকাল জানিয়েছিলেন, চোটের কারণে ত্রিদেশীয় সিরিজে খেলতে না পারা লিটন এখন ম্যাচ খেলার জন্য প্রস্তুত। অনুশীলনে তাঁকে দেখেও তেমনই মনে হয়েছে।

সব মিলিয়ে একাদশ চূড়ান্ত করার আগে মুশফিকের চোটের অবস্থা কী দাঁড়ায়, সেদিকেই নজর থাকবে দলের।