রাজশাহীর বাগমারায় রাসায়নিক সার সংকট নিরসন এবং কৃষকের স্বার্থ সুরক্ষায় উপসহকারী কৃষি কর্মকর্তা ও সার ডিলারদের সঙ্গে মতবিনিময় সভা হয়েছে। রোববার (১৫ নভেম্বর) বিকেল ৪টায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে কৃষি অফিস মিলনায়তনে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় প্রধান অতিথি ছিলেন রাজশাহী-৪ (বাগমারা) আসনের সংসদ সদস্য ডা. আব্দুল বারী সরদার। তিনি বলেন, কৃষক দেশের অর্থনীতির অন্যতম চালিকাশক্তি; সার সংকটের কারণে কোনো কৃষক যেন হয়রানি বা ক্ষতির শিকার না হন, সে বিষয়ে সংশ্লিষ্টদের সতর্ক থাকতে হবে। কৃষকের চাহিদা অনুযায়ী সারের সরবরাহ নিশ্চিত করার কথাও বলেন তিনি।
সংসদ সদস্য আরও বলেন, সার নিয়ে কোনো অনিয়ম, কৃত্রিম সংকট কিংবা অতিরিক্ত দামে বিক্রির সুযোগ দেওয়া যাবে না। প্রকৃত কৃষকের কাছে ন্যায্যমূল্যে সার পৌঁছে দিতে কৃষি বিভাগ ও ডিলারদের দায়িত্বশীল ভূমিকা রাখতে হবে। সংকট নিরসনে প্রয়োজনীয় সহযোগিতার আশ্বাসও দেন তিনি।
সভায় বক্তব্য দেন উপজেলা কৃষি কর্মকর্তা আব্দুর রাজ্জাক, অতিরিক্ত কৃষি কর্মকর্তা শাহাদাত হোসেন, উপসহকারী কৃষি কর্মকর্তা সাইফুল ইসলাম এবং সার ডিলার হাফিজুর রহমান, আক্তারুজ্জামান ও ফজলুল হক।
বক্তারা বলেন, চলমান সার সংকটে কৃষকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে বোরোসহ বিভিন্ন ফসলের আবাদ নির্বিঘ্ন রাখতে সময়মতো পর্যাপ্ত সার সরবরাহ জরুরি। এ জন্য ডিলাররা ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ, কৃষকের চাহিদা অনুযায়ী বরাদ্দ এবং সরবরাহ ব্যবস্থাপনায় সমন্বয় বাড়ানোর দাবি জানান।
সভায় ভবানীগঞ্জ পৌর জামায়াতের আমির আশরাফুল ইসলাম আশিক, উপজেলা জামায়াতের সাবেক সেক্রেটারি অহিদুল ইসলামসহ বাগমারার বিসিআইসি ও বিএডিসির সব সার ডিলার এবং কৃষি বিভাগের সংশ্লিষ্ট ব্যক্তিরা উপস্থিত ছিলেন। সভায় সার সংকটের কারণ, সরবরাহ ব্যবস্থার সীমাবদ্ধতা ও উত্তরণের উপায় নিয়ে আলোচনা হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইকবাল হোসেন।