খুলনা নগরের একটি ডায়াগনস্টিক সেন্টারে শনিবার দুপুরে কুড়াল হাতে ঢুকে ব্যাপক ভাঙচুর চালিয়েছেন পাঁচ যুবক। খানজাহান আলী সড়কের পিটিআই মোড় এলাকায় নিউ অ্যাপোলো ডায়াগনস্টিক অ্যান্ড কনসালটেশন সেন্টারে দুপুর একটার দিকে এ ঘটনা ঘটে। এক মাসের ব্যবধানে খুলনা শহরে এটি চতুর্থ চিকিৎসাপ্রতিষ্ঠানে হামলা।
পুলিশ, প্রত্যক্ষদর্শী ও প্রতিষ্ঠানের সংশ্লিষ্ট ব্যক্তিদের বরাতে জানা গেছে, প্রথমে একজন মুখে মাস্ক পরতে পরতে চায়নিজ কুড়াল নিয়ে ভেতরে ঢোকেন। এরপর আরও চারজন কুড়াল নিয়ে প্রবেশ করেন। তাঁরা প্রতিষ্ঠানের কাচের দরজা-জানালা, শীতাতপনিয়ন্ত্রণ যন্ত্র, টেলিভিশন, অভ্যর্থনাকক্ষের কাউন্টারসহ বিভিন্ন আসবাব ভেঙে ফেলেন। যাওয়ার সময় এক কর্মীর মুঠোফোনও নিয়ে যান তাঁরা। হামলাকারীদের একজন পুরো ঘটনার ভিডিও ধারণ করেন। ভাঙচুরের সময় ভেতরে থাকা রোগী ও তাঁদের স্বজনদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। সিসিটিভি ফুটেজে দেখা যায়, অপেক্ষমান রোগীরা ভয়ে ছোটাছুটি করছেন এবং হামলাকারীরা বেরিয়ে যাওয়ার সময় বসার চেয়ারে লাথি মারছেন।
প্রতিষ্ঠানের ব্যবস্থাপক জাহিদ হোসেন জানান, কয়েক দিন আগে একজন নিজেকে শহরের টুটপাড়ার ‘নূর আজিমের বাহিনী’র সদস্য পরিচয় দিয়ে তাঁকে ফোন করেছিলেন। তিনি ওই নামে কাউকে চেনেন না বলে জানালে অপর প্রান্ত থেকে সংযোগ বিচ্ছিন্ন করে দেওয়া হয়। এর বাইরে তাঁর আর কিছু জানা নেই।
খুলনা মহানগর পুলিশের সহকারী কমিশনার (খুলনা জোন) শফিকুল ইসলাম বলেন, নূর আজিমের দলের সদস্যরা এ ঘটনা ঘটিয়েছেন। হামলায় অংশ নেওয়া পাঁচজনের মধ্যে দুজনকে শনাক্ত করা হয়েছে। তাঁদের আগে দেশি অস্ত্রসহ গ্রেপ্তার করা হয়েছিল এবং সম্প্রতি তাঁরা জামিনে মুক্তি পেয়েছেন।
পুলিশ ও সংশ্লিষ্ট সূত্র জানায়, অক্টোবরের মাঝামাঝি নগরের রয়েল মোড়ের সিটি কুইন্স ক্লিনিক অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারে হামলা ও ভাঙচুর হয়। ২৪ অক্টোবর সন্ধানী ক্লিনিক ও ডায়াগনস্টিক কমপ্লেক্সে দেশি অস্ত্র নিয়ে মুখোশধারী আট থেকে ১০ জন হামলা চালান এবং যাওয়ার সময় বাইরে ফাঁকা গুলি ছোড়েন। ৩ নভেম্বর সন্ধ্যায় শামসুর রহমান সড়কের রংধনু ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারেও হামলা হয়।
এসব ঘটনায় ক্ষতিগ্রস্ত প্রতিষ্ঠানগুলোর পক্ষ থেকে কোনো মামলা করা হয়নি। সহকারী কমিশনার শফিকুল ইসলাম বলেন, বেশির ভাগ ক্ষেত্রে ভুক্তভোগীরা পুলিশকে প্রয়োজনীয় সহযোগিতা করছেন না। তবে সন্ধানী ক্লিনিকের বাইরে গুলির খোসা পাওয়ার ঘটনায় পুলিশ নিজে বাদী হয়ে মামলা করেছে এবং ওই মামলায় তিনজনকে গ্রেপ্তার করা হয়েছে।