রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গাজার পূর্ণ দখল পরিকল্পনার নিন্দায় ওআইসি, জিসিসি ও আরব লীগ

যৌথ বিবৃতিতে ইসরায়েলের পদক্ষেপকে অবৈধ দখল বৈধ করার প্রচেষ্টা আখ্যা

গাজা উপত্যকার
ছবি: গাজা উপত্যকার (আনাদোলু এজেন্সী)

ইসলামি সহযোগিতা সংস্থা, উপসাগরীয় সহযোগিতা পরিষদ ও আরব লীগের মন্ত্রী পর্যায়ের কমিটি গাজার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে। তারা এক যৌথ বিবৃতিতে এই পদক্ষেপকে আন্তর্জাতিক আইনের পরিপন্থী, শান্তি প্রক্রিয়ার জন্য হুমকি এবং মানবতাবিরোধী অপরাধের ধারাবাহিকতা বলে উল্লেখ করেছে।

ইসলামি সহযোগিতা সংস্থা (ওআইসি), উপসাগরীয় সহযোগিতা পরিষদ (জিসিসি) এবং আরব লীগের মন্ত্রী পর্যায়ের কমিটি শনিবার গাজা উপত্যকার পূর্ণ নিয়ন্ত্রণ নেওয়ার ইসরায়েলের পরিকল্পনার তীব্র নিন্দা জানিয়েছে।

ওআইসি, জিসিসি এবং আরব লীগের গাজা যোগাযোগ গ্রুপের লিখিত বিবৃতিতে বলা হয়েছে, গাজার পূর্ণ সামরিক দখল আন্তর্জাতিক আইনের পরিপন্থী, গুরুতর উসকানি এবং চলমান দখলেরই ধারাবাহিকতা। বিবৃতিতে আরও বলা হয়, এই সিদ্ধান্ত আন্তর্জাতিক আইন লঙ্ঘন এবং অবৈধ দখলকে বৈধ করার প্রচেষ্টা, যা সংশ্লিষ্ট আন্তর্জাতিক বৈধতার সিদ্ধান্তের সঙ্গে অসঙ্গত।

গাজা, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে ইসরায়েলের হামলা
বিবৃতিতে উল্লেখ করা হয়, ইসরায়েল গাজা ও ফিলিস্তিনি ভূখণ্ডে ‘গণহত্যা, অনাহারে রাখা, জোরপূর্বক বাস্তুচ্যুতি, জমি দখল এবং বসতি স্থাপনকারীদের সন্ত্রাস’ চালিয়ে যাচ্ছে। এসব কর্মকাণ্ড মানবতাবিরোধী অপরাধ হিসেবে বিবেচিত হতে পারে বলে সতর্ক করা হয়।

এছাড়া, এই নীতিগুলো শান্তির সম্ভাবনা নষ্ট করছে এবং আঞ্চলিক ও আন্তর্জাতিক প্রচেষ্টাকে দুর্বল করছে বলেও জানানো হয়। বিবৃতিতে অবিলম্বে গাজায় হামলা বন্ধ, পশ্চিম তীর ও পূর্ব জেরুজালেমে গুরুতর লঙ্ঘন থামানো এবং গাজায় শর্তহীন ও দ্রুত মানবিক সহায়তা প্রবেশের দাবি জানানো হয়।

কায়রোতে পুনর্গঠন সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের আহ্বান
বিবৃতিতে মিসর, কাতার ও যুক্তরাষ্ট্রের উদ্যোগে যুদ্ধবিরতি ও বন্দি বিনিময় আলোচনার প্রতি সমর্থন জানানো হয়, যা মানবিক সংকট প্রশমনে গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে।

গাজার পুনর্গঠনের জন্য পরিকল্পিত আরব-ইসলামি অংশীদারিত্ব দ্রুত বাস্তবায়ন এবং কায়রোতে অনুষ্ঠিতব্য পুনর্গঠন সম্মেলনে সক্রিয় অংশগ্রহণের ওপর জোর দেওয়া হয়। একই সঙ্গে ফিলিস্তিনি জনগণকে জোরপূর্বক বাস্তুচ্যুত করার বিষয়টি প্রত্যাখ্যান করা হয়।

যৌথ বিবৃতিতে ইসরায়েলকে গাজায় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের জন্য সম্পূর্ণ দায়ী করা হয় এবং বিশেষ করে জাতিসংঘ নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্যদের আইনি ও মানবিক দায়িত্ব পালনের আহ্বান জানানো হয়।