সোমবার, ০৯ নভেম্বর, ২০২৬

চাঁপাইনবাবগঞ্জে তিন অবৈধ ইটভাটাকে ১৮ লাখ টাকা জরিমানা, আরেকটির চিমনি ও কিলন ভেঙে বন্ধ

সদর উপজেলার গোবরাতলায় পরিবেশ অধিদপ্তরের ভ্রাম্যমাণ আদালত চার ইটভাটার বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে।

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় তিনটি অবৈধ ইটভাটার বিরুদ্ধে অভিযান চালিয়ে ১৮ লাখ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে আরেকটি ইটভাটার চিমনি ও কিলন (ইট পোড়ানোর চুল্লি) ভেঙে ফেলে সেটির কার্যক্রম বন্ধ করে দেওয়া হয়েছে।

রোববার (৮ নভেম্বর) পরিবেশ অধিদপ্তরের সদর দপ্তরের মনিটরিং অ্যান্ড এনফোর্সমেন্ট উইংয়ের নির্বাহী ম্যাজিস্ট্রেট রেজওয়ান-উল-ইসলামের নেতৃত্বে সদর উপজেলার গোবরাতলা এলাকায় এ অভিযান পরিচালিত হয়।

পরিবেশ অধিদপ্তরের চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ইট প্রস্তুত ও ভাটা স্থাপন (নিয়ন্ত্রণ) আইন, ২০১৩ (সংশোধিত ২০১৯) অনুযায়ী কাঠ পোড়ানো এবং পরিবেশগত ছাড়পত্র ছাড়া ইটভাটা চালানোর দায়ে চারটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।

এর মধ্যে মেসার্স সেবা ব্রিকস, মেসার্স এ আর বি ব্রিকস ও মেসার্স টিজিবি ব্রিকসকে ছয় লাখ টাকা করে মোট ১৮ লাখ টাকা জরিমানা করা হয়। সেবা ব্রিকসের বৈদ্যুতিক মিটারও খুলে নেওয়া হয়েছে। মেসার্স তামিম ব্রিকসের চিমনি ও কিলন সম্পূর্ণ ভেঙে ফেলে ভাটাটির কার্যক্রম বন্ধ করা হয়।

অভিযানে পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার রায় প্রসিকিউশন দেন। আইনশৃঙ্খলা নিয়ন্ত্রণ ও অভিযান পরিচালনায় সহায়তা করে জেলা পুলিশ, এসআরবি-৫, ফায়ার সার্ভিস ও পল্লী বিদ্যুৎ সমিতির চারটি পৃথক দল।

পরিবেশ অধিদপ্তরের জেলা কার্যালয় জানিয়েছে, পরিবেশ দূষণ নিয়ন্ত্রণ, বায়ুর গুণগত মান উন্নয়ন এবং অবৈধ ইটভাটার কার্যক্রম প্রতিরোধে এ ধরনের অভিযান ও ভ্রাম্যমাণ আদালতের কার্যক্রম অব্যাহত থাকবে।