চলতি বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষার ফল আগামী ৩১ অক্টোবর প্রকাশ করা হবে। আগে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা থাকলেও তা পরিবর্তন করা হয়েছে।
মঙ্গলবার বিকেলে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির সভাপতি ও ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের চেয়ারম্যান অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান নতুন তারিখের বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, এ বিষয়ে সংবাদ বিজ্ঞপ্তি দেওয়ার প্রস্তুতি চলছে।
সমন্বয় কমিটি এর আগে জানিয়েছিল, ২৬ অক্টোবর বিজ্ঞপ্তি দিয়ে ২৯ অক্টোবর ফল প্রকাশের কথা জানানো হবে। কিন্তু প্রধানমন্ত্রী তারেক রহমান জাপান সফরে থাকায় বিষয়টি তাঁকে অবহিত করা সম্ভব হয়নি, ফলে তখন বিজ্ঞপ্তি প্রকাশ করা যায়নি। পরে প্রধানমন্ত্রীর সম্মতি নিয়ে ফল প্রকাশের নতুন তারিখ ৩১ অক্টোবর ঠিক করা হয়।
আগামী ৩১ অক্টোবর ১১ দলীয় ঐক্যের ঢাকা-খুলনা-কুষ্টিয়া অভিমুখে লংমার্চ কর্মসূচি রয়েছে। অধ্যাপক সৈয়দ আক্তারুজ্জামান জানিয়েছেন, ওই কর্মসূচি ফল প্রকাশে কোনো বাধা সৃষ্টি করবে না।
প্রসঙ্গত, এ বছরের এইচএসসি ও সমমানের পরীক্ষা ২ জুলাই শুরু হয়। লিখিত পরীক্ষা ৮ আগস্ট শেষ হওয়ার কথা ছিল, তবে প্রাকৃতিক দুর্যোগের কারণে চট্টগ্রাম শিক্ষা বোর্ডের কয়েকটি পরীক্ষা নির্ধারিত সময়ে নেওয়া যায়নি। স্থগিত পরীক্ষাগুলো পরে অনুষ্ঠিত হয় এবং ওই বোর্ডের লিখিত পরীক্ষা শেষ হয় ৯ সেপ্টেম্বর। নিয়মিত ও অনিয়মিত মিলিয়ে এ বছর মোট ১২ লাখ ৭০ হাজার ৫৮৩ জন পরীক্ষায় অংশ নেন।