বৃহস্পতিবার, ১৯ নভেম্বর, ২০২৬

পল্লবীতে সাত বছরের শিশুকে ধর্ষণের পর হত্যা: হাইকোর্টেও সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল, স্ত্রী খালাস

হাইকোর্ট বলেছে, মৃত্যুদণ্ডই প্রধান আসামি সোহেল রানার উপযুক্ত শাস্তি; তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়া হয়েছে।

রাজধানীর পল্লবীতে সাত বছরের এক শিশুকে ধর্ষণের পর হত্যার মামলায় প্রধান আসামি সোহেল রানার মৃত্যুদণ্ড বহাল রেখেছে হাইকোর্ট। একই মামলায় তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে খালাস দেওয়া হয়েছে। রায়ে আদালত বলেছেন, মৃত্যুদণ্ডই সোহেল রানার উপযুক্ত শাস্তি।

আজ মঙ্গলবার দুপুর সাড়ে ১২টার দিকে বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি কে এম রাশেদুজ্জামান রাজার সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ এ রায় ঘোষণা করেন। এর আগে গতকাল সোমবার রাষ্ট্রপক্ষ ও আসামিপক্ষের শুনানি শেষে আদালত রায়ের জন্য আজকের দিন ধার্য করেছিলেন। একদিনেই উভয় পক্ষের শুনানি শেষ করে রায়ের দিন নির্ধারণকে দ্রুত বিচার প্রক্রিয়ার ক্ষেত্রে ইতিবাচক দৃষ্টান্ত হিসেবে দেখছেন সংশ্লিষ্ট আইনজীবীরা।

রাষ্ট্রপক্ষে শুনানি করেন অ্যাটর্নি জেনারেল ব্যারিস্টার মো. রুহুল কুদ্দুস কাজল। তাঁর সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোহাম্মদ ওসমান চৌধুরী, সৈয়দ ইজাজ কবির ও মেহেদী হাসান। আসামিপক্ষে শুনানি করেন রাষ্ট্রনিযুক্ত আইনজীবী হাফিজুর রহমান খান। শুনানিতে রাষ্ট্রপক্ষ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি, সাক্ষ্য-প্রমাণ ও পারিপার্শ্বিক পরিস্থিতি তুলে ধরে মৃত্যুদণ্ড বহাল রাখার পক্ষে যুক্তি উপস্থাপন করে।

মামলার বিবরণ

মামলার বিবরণ অনুযায়ী, গত ১৯ মে রাজধানীর পল্লবীর একটি ভবনের ফ্ল্যাট থেকে শিশুটির খণ্ডিত লাশ উদ্ধার করা হয়। অভিযোগ অনুযায়ী, শিশুটিকে ধর্ষণের পর হত্যা করেন সোহেল রানা। পরে লাশ খণ্ডবিখণ্ড করে ফ্ল্যাটের শৌচাগারের জানালার গ্রিল কেটে তিনি পালিয়ে যান। ওই বাসা থেকেই তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে আটক করে পুলিশ। একই দিন সন্ধ্যায় নারায়ণগঞ্জের ফতুল্লা থেকে সোহেল রানাকে গ্রেপ্তার করা হয়।

এ ঘটনায় শিশুটির বাবা পল্লবী থানায় মামলা করেন। তদন্ত শেষে পুলিশ দুই আসামির বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। বিচার শেষে গত ৭ জুন ঢাকা মহানগর শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালের বিচারক মাসরুর সালেকীন সোহেল রানা ও তাঁর স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ড দেন। একই সঙ্গে সোহেল রানাকে পাঁচ লাখ টাকা এবং স্বপ্না আক্তারকে দুই লাখ টাকা জরিমানা করা হয়।