বিশ্বখ্যাত চলচ্চিত্র নির্মাতা ঋত্বিক ঘটকের রাজশাহীর পৈতৃক বসতভিটার একটি ঘরের দেয়াল ভেঙে ফেলা হয়েছে। দেয়াল ঘেঁষে থাকা একটি বটগাছও কেটে ফেলা হয়েছে। মঙ্গলবার বিকেলে নগরের ঘোড়ামারা মহল্লার মিঞাপাড়ায় গিয়ে এ দৃশ্য দেখা যায়।
যে ঘরের দেয়াল ভাঙা হয়েছে, সেখানে আগে ঋত্বিক ঘটকের জন্মবার্ষিকী পালন করা হয়েছে। ঘরের দেয়ালে আঁকা ছিল তাঁর প্রতিকৃতি ও নির্মিত চলচ্চিত্রের নাম। চলতি বছরের ৪ নভেম্বর এখানেই তাঁর ১০১তম জন্মবার্ষিকী পালিত হয়। ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন স্থানীয় সংস্কৃতিকর্মী ও ঋত্বিক ঘটক ফিল্ম সোসাইটির সদস্যরা। তাঁদের অভিযোগ, দীর্ঘদিন ধরে সংরক্ষণের দাবি জানিয়ে আসা এই ঐতিহাসিক বসতভিটা পরিকল্পিতভাবে নিশ্চিহ্ন করার চেষ্টা চলছে।
ভিটায় কাজ করা নির্মাণশ্রমিক গোলাম মোস্তফা বলেন, সকালে তাঁরা দেয়ালের ভেতরে ঢুকে যাওয়া গাছের শিকড় ও ডালপালা কাটা, পুরোনো দেয়াল ভাঙা ও আগাছা পরিষ্কারের কাজ করেছেন। তাঁর ভাষ্য, দৈনিক মজুরিতে কাজ করতে এসে পরে তিনি শুনেছেন এটা ভাঙা যাবে না।
সংস্কৃতিকর্মী হাসিবুল হাসনাত দাবি করেন, ২০২৪ সালের পর তিন-চারবার বসতভিটা ভাঙার চেষ্টা হয়েছে। ঋত্বিক ১০১তম বর্ষপূর্তি উদ্যাপন কমিটির সদস্যসচিব আতিকুর রহমানের অভিযোগ, রাজশাহী হোমিওপ্যাথিক মেডিকেল কলেজ ও হাসপাতাল কর্তৃপক্ষ স্থাপনাটি ধ্বংস করে জায়গাটি দখলে নেওয়ার চেষ্টা করছে। বরেন্দ্র ইয়ুথ ফোরামের সাধারণ সম্পাদক পলি রানী বলেন, জায়গাটি সবার সম্পদ; এখানে ঋত্বিক ঘটকের নামে একটি চলচ্চিত্র কেন্দ্র গড়ে তোলা যেতে পারে।
কলেজের অধ্যক্ষ আনিসুর রহমান ফোন ধরেননি। অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) ও কলেজের সভাপতি নাহারুল ইসলাম বলেন, বটগাছ কাটার বিষয়টি আগে তাঁকে জানানো হয়নি; পরে জানতে পেরে তিনি তা বন্ধ করে দিয়েছেন।
১৯৮৯ সালে বাড়ির ৩৪ শতাংশ জমি তৎকালীন সরকার ওই হোমিওপ্যাথিক কলেজ ও হাসপাতালকে ইজারা দেয়। ২০২০ সালে জেলা প্রশাসন বাড়িটি সংরক্ষণের উদ্যোগ নিলেও তা বাস্তবায়িত হয়নি। ২০২৪ সালের ৬ আগস্ট বাড়ির তিনটি কক্ষ ভাঙা শুরু হয়; পর্যায়ক্রমে অবশিষ্ট অংশও ভেঙে ফেলা হয় বলে জানা যায়।