দেশের অর্ধেকের বেশি কৃষক রাসায়নিক কীটনাশকের বিকল্প হিসেবে জৈব বালাইনাশক কিনতে আগ্রহী। বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের (বাকৃবি) এক গবেষণায় দেখা গেছে, জরিপে অংশ নেওয়া কৃষকদের ৫২ দশমিক ৭ শতাংশ এ ধরনের পণ্যে অর্থ ব্যয় করতে রাজি।
বাকৃবির কৃষি অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. হাসনীন জাহান ও অধ্যাপক ড. মো. মনিরুল ইসলামের নেতৃত্বে ময়মনসিংহ সদর ও ঈশ্বরগঞ্জ উপজেলার ২২০ জন কৃষকের ওপর গবেষণাটি চালানো হয়। সম্প্রতি এর ফলাফল একটি আন্তর্জাতিক গবেষণা সাময়িকীতে প্রকাশিত হয়েছে।
গবেষণায় উঠে এসেছে, রাসায়নিক কীটনাশক প্রয়োগের সময় প্রায় ৬০ শতাংশ কৃষক কোনো সুরক্ষাসামগ্রী ব্যবহার করেন না। ফলে মাথাব্যথা, দুর্বলতা, ত্বকে জ্বালাপোড়া ও চুলকানির মতো সমস্যার কথা জানিয়েছেন তাঁরা। কীটনাশক সংরক্ষণেও ঝুঁকি রয়েছে: ৫৬ শতাংশ কৃষক বসার বা শোবার ঘরে তা রাখেন, আর ৭৫ শতাংশ ব্যবহৃত প্যাকেট ও পাত্র খোলা মাঠে ফেলে দেন। মাত্র ১৪ শতাংশ কৃষক নিরাপদ ব্যবহারের প্রশিক্ষণ পেয়েছেন।
গবেষণাসংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, দেশের ৯৪ শতাংশের বেশি কৃষক রাসায়নিক বালাইনাশক ব্যবহার করেন। সত্তরের দশকে বছরে প্রায় চার হাজার মেট্রিক টন বালাইনাশক ব্যবহৃত হলেও এখন তা ৪০ থেকে ৪৫ হাজার মেট্রিক টনে পৌঁছেছে।
জরিপে দেখা গেছে, অনেক কৃষক জৈব বালাইনাশক সম্পর্কে পর্যাপ্ত জানেন না। তবে প্রায় অর্ধেক সেক্স ফেরোমন ট্র্যাপ ও ট্রাইকো কম্পোস্ট ব্যবহার করেন; ইয়েলো স্টিকি ট্র্যাপের মতো পদ্ধতি নিয়ে ধারণা কম।
গবেষকদের মতে, শুধু বাজারে পণ্য সরবরাহ করলেই ব্যবহার বাড়বে না। কৃষক মাঠ স্কুল, প্রদর্শনী প্লট ও লক্ষ্যভিত্তিক প্রশিক্ষণের মাধ্যমে কার্যকারিতা দেখানো এবং ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকদের জন্য সরকারি সহায়তা ও প্রণোদনার কথা বিবেচনার পরামর্শ দিয়েছেন তাঁরা।