শুরুতেই গোল খেয়ে পিছিয়ে পড়েও অভিজ্ঞতার জোরে ঘুরে দাঁড়িয়ে নারী ফুটবল টুর্নামেন্টের প্রথম আসরের শিরোপা জিতেছে টাঙ্গাইলের মরহুম ফরহাদ হোসেন তালুকদার ফুটবল একাডেমি। শনিবার সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে ফাইনালে তারা ময়মনসিংহের অদম্য কলসিন্দুর ফুটবল একাডেমিকে ২-১ গোলে হারিয়েছে।
বৃষ্টির কারণে মাঠ ভারী থাকায় নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর শুরু হয় ফাইনাল। খেলার দ্বিতীয় মিনিটেই টাঙ্গাইলের গোলকিপারের ভুলে ঝুমুর আক্তার ফাঁকা পোস্টে বল পাঠিয়ে কলসিন্দুরকে এগিয়ে দেন। পুরো টুর্নামেন্টে এটিই ছিল টাঙ্গাইলের হজম করা প্রথম গোল। ১৮ মিনিটে একক প্রচেষ্টায় বক্সে ঢুকে প্লেসিং শটে সমতা ফেরান সাবিনা খাতুন। দুই মিনিট পর মাছুরা পারভীনের দূরপাল্লার কোনাকুনি শটে এগিয়ে যায় টাঙ্গাইল। বৃষ্টির কারণে ৭০ মিনিটের ম্যাচ ৫০ মিনিটে নেমে আসায় লিড ধরে রাখতে বেশি কষ্ট করতে হয়নি।
সাফজয়ী ছয় খেলোয়াড় ছিলেন চ্যাম্পিয়ন দলে। প্রথম তিন ম্যাচে অধিনায়ক ছিলেন কৃষ্ণা রানী সরকার; সেমিফাইনাল ও ফাইনালে অধিনায়কের বাহুবন্ধনী পরেন সাবিনা। তবে ট্রফি নিতে সাবিনা নিজে না গিয়ে কৃষ্ণাকে মঞ্চে এগিয়ে দেন। টুর্নামেন্টে খেলার ইচ্ছা থাকায় সাবিনা আয়োজক কমিটি থেকে পদত্যাগ করেছিলেন; দুটি ম্যাচ খেলে দুটিতেই ম্যাচসেরা হন। ফাইনালের সেরার পুরস্কার নিয়ে তিনি বলেন, মেয়েদের জন্য এটি বিরাট এক মঞ্চ, যেখানে অনেক সিনিয়র খেলোয়াড়ের সঙ্গে নতুনেরা খেলার সুযোগ পেয়েছে।
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়ের পুরস্কার পেয়েছেন চ্যাম্পিয়ন দলের সেন্টারব্যাক মাছুরা পারভীন। তিনি বলেন, এর আগে কোনো টুর্নামেন্টে সেরা খেলোয়াড়ের পুরস্কার পাননি; পেয়ে খুব ভালো লাগছে।