বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় পাঁচ ক্যাটাগরিতে দেশসেরা রাজশাহী সিটি করপোরেশন

জাইকা ও এলজিইডির প্রকল্পের পুরস্কার অনুষ্ঠানে রাসিক প্রশাসকের হাতে সম্মাননা তুলে দেওয়া হয়েছে; অর্জন নগরবাসী ও পরিচ্ছন্নতাকর্মীদের উৎসর্গ করেছেন তিনি।

কঠিন বর্জ্য ব্যবস্থাপনায় (সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট) সাফল্যের স্বীকৃতি হিসেবে দেশের সব সিটি করপোরেশনের মধ্যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক)। পরিচ্ছন্ন নগর গড়ে তোলা ও বর্জ্য ব্যবস্থাপনায় দায়িত্বশীল ভূমিকার জন্য এ স্বীকৃতি দেওয়া হয়েছে।

মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতে রাজশাহী নগরীর একটি সম্মেলনকক্ষে আয়োজিত ‘সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট পাইলট অ্যাক্টিভিটিজ অ্যাওয়ার্ডস নাইট’ অনুষ্ঠানে এ পুরস্কার দেওয়া হয়। জাপান আন্তর্জাতিক সহযোগিতা সংস্থা (জাইকা) এবং স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) আরবান ডেভেলপমেন্ট অ্যান্ড সিটি গভর্ন্যান্স প্রজেক্টের (ইউডিসিজিপি) প্রতিনিধিরা রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটনের হাতে পুরস্কার তুলে দেন।

রাসিক যে পাঁচটি ক্যাটাগরিতে শ্রেষ্ঠত্ব অর্জন করেছে, সেগুলো হলো: দায়িত্বশীল ব্যবস্থাপনায় অনুপ্রেরণা, পরিচ্ছন্ন পাড়া গঠনে অনুপ্রেরণা, সেবায় অনুপ্রেরণা, সামাজিক নিয়ম-শৃঙ্খলা প্রতিপালনে অনুপ্রেরণা এবং অঙ্গীকার ও প্রতিশ্রুতিতে অনুপ্রেরণা।

অর্জনের প্রতিক্রিয়ায় রাসিক প্রশাসক মাহফুজুর রহমান রিটন বলেন, নগরীর পরিচ্ছন্নতা ও বর্জ্য ব্যবস্থাপনা কার্যক্রমে নগরবাসীর আন্তরিক সহযোগিতা, সিটি করপোরেশনের কর্মকর্তা-কর্মচারীদের পরিশ্রম এবং সংশ্লিষ্ট সবার দায়িত্বশীল ভূমিকার সম্মিলিত ফল এ স্বীকৃতি। তিনি পুরস্কারটি রাজশাহী মহানগরবাসী, সিটি করপোরেশনের পরিচ্ছন্নতাকর্মী এবং পরিচ্ছন্নতা বিভাগসহ কর্মকর্তা-কর্মচারীদের উৎসর্গ করেন। তাঁর ভাষ্য, এ অর্জন আগামী দিনের কার্যক্রমকে আরও গতিশীল ও কার্যকর করতে অনুপ্রেরণা জোগাবে।

অনুষ্ঠানে কুমিল্লা সিটি করপোরেশনের প্রশাসক মো. ইউসুফ মোল্লা টিপু, নারায়ণগঞ্জ সিটি করপোরেশনের প্রশাসক সাখাওয়াত হোসেন খান, গাজীপুর সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা তানজিলা খানম, জাইকা বাংলাদেশ অফিসের প্রতিনিধি সাওরি কোজিমা এবং রুয়েটের উপাচার্য অধ্যাপক ড. এস এম আব্দুর রাজ্জাকসহ অনেকে উপস্থিত ছিলেন। রাজশাহী, গাজীপুর, নারায়ণগঞ্জ ও কুমিল্লা সিটি করপোরেশন এবং কক্সবাজার পৌরসভার কর্মকর্তা ও কমিউনিটি প্রতিনিধিরাও অনুষ্ঠানে অংশ নেন।