তাহেরপুরে পরিবহন শ্রমিকদের জন্য তিন দিনব্যাপী চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন
২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত এই ক্যাম্পে বিনামূল্যে চশমা প্রদান করা হবে।
রাজশাহীর বাগমারা উপজেলার তাহেরপুরে পরিবহন শ্রমিকদের জন্য তিন দিনব্যাপী বিশেষ চক্ষু চিকিৎসা ক্যাম্পের উদ্বোধন করা হয়েছে। এই ক্যাম্পের আয়োজন করেছে আন্তর্জাতিক চক্ষু স্বাস্থ্য সংস্থা ‘ভিশন স্প্রিং’ এবং এটি চলবে ২২ থেকে ২৪ সেপ্টেম্বর পর্যন্ত। সকাল ১০টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ক্যাম্প পরিচালনা করা হবে।
তাহেরপুর সিএনজি স্ট্যান্ডের কার্যালয়ে মো. মইনুল হক হারুর সভাপতিত্বে এটি উদ্বোধন করেন আ ন ম শামসুর রহমান মিন্টু। অনুষ্ঠানে অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। পরিবহন শ্রমিকরা ৫০ টাকা নিবন্ধন ফি দিয়ে এই সেবা গ্রহণ করতে পারবেন।
চক্ষু পরীক্ষা করার জন্য ক্যাম্পে অভিজ্ঞ অপটোমেট্রিস্ট উপস্থিত থাকবেন। পরীক্ষার পর প্রয়োজন অনুযায়ী রোগীদের বিনামূল্যে চশমা দেওয়া হবে। এই ক্যাম্পের সাহায্যে দৃষ্টিশক্তির সমস্যা শনাক্ত করে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়ার ব্যবস্থা করা হচ্ছে।
বক্তারা বলেন, নিরাপদ সড়ক নিশ্চিত করতে চালকদের সুস্থ চোখ ও স্বচ্ছ দৃষ্টিশক্তি অত্যন্ত গুরুত্বপূর্ণ। সেই লক্ষ্যে এই ক্যাম্পের আয়োজন করা হয়েছে।
আয়োজকদের পক্ষ থেকে সংশ্লিষ্ট সবাইকে নির্ধারিত সময়ে ক্যাম্পে এসে চক্ষু পরীক্ষা ও চিকিৎসাসেবা গ্রহণের আহ্বান জানানো হয়েছে।