রাজধানীর হাতিরঝিল এলাকায় একটি ইন্টারনেট সেবাদাতা প্রতিষ্ঠানের কার্যালয়ে ঢুকে গুলি চালিয়েছে মুখোশধারী দুর্বৃত্তরা। শনিবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ডিআইটি রোডে টিভি সেন্টারের ফুটওভারব্রিজের পাশের একটি অফিসে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হননি বলে পুলিশ জানিয়েছে।
পুলিশের তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান খুদে বার্তায় জানান, পশ্চিম রামপুরার ৪৫৫ নম্বর ভবনের দ্বিতীয় তলায় ডিএল নেটওয়ার্ক সার্ভিসেসের কার্যালয়ে চার থেকে পাঁচজন দুর্বৃত্ত প্রবেশ করে। তাদের মাথায় ক্যাপ ও মুখে মাস্ক ছিল। আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে তারা কার্যালয়ে ঢুকে গুলি চালায়।
হাতিরঝিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. আসাদুজ্জামান বলেন, পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করছে এবং কী কারণে গুলির ঘটনা ঘটেছে, তা তদন্ত করা হচ্ছে। তাঁর ভাষ্য, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ঘটনাটি হতে পারে; তবে এখনো কোনো পক্ষের অভিযোগ পাওয়া যায়নি। বিস্তারিত তদন্তের পর জানা যাবে।