প্রতি কর্মদিবসে যথাসময়ে কর্মস্থলে উপস্থিত থাকা এবং যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মদিবসে কর্মস্থল ত্যাগ না করতে অধস্তন আদালতের বিচারকদের নির্দেশ দিয়েছে সুপ্রিম কোর্ট প্রশাসন। প্রধান বিচারপতির আদেশে সোমবার এ-সংক্রান্ত একটি সার্কুলার জারি করা হয়েছে, যা সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে প্রকাশ করা হয়েছে।
সার্কুলারে বলা হয়েছে, সপ্তাহ শেষে পরবর্তী কার্যদিবসে কর্মস্থলে যোগদানে দেরি না করা এবং বিচারিক কর্মঘণ্টার পূর্ণ ও কার্যকর ব্যবহার নিশ্চিত করাও বিচার বিভাগীয় কর্মকর্তাদের দায়িত্ব। এর আগেও হাইকোর্ট বিভাগ থেকে বিভিন্ন সময়ে এ বিষয়ে সার্কুলার জারি করা হয়েছে বলে এতে উল্লেখ করা হয়।
সার্কুলারে বলা হয়, সম্প্রতি সুপ্রিম কোর্টের নজরে এসেছে যে বিভিন্ন জেলার জেলা ও দায়রা জজ বা সমপর্যায়ের কর্মকর্তা, চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট, চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট ও অতিরিক্ত জেলা ও দায়রা জজসহ অধস্তন আদালতের অনেক বিচার বিভাগীয় কর্মকর্তা যথাযথ কর্তৃপক্ষের পূর্বানুমতি ছাড়া কর্মস্থল ত্যাগ করছেন। সার্কুলারের ভাষ্য অনুযায়ী, অনেকে সপ্তাহের বিভিন্ন কার্যদিবসে বিনা অনুমতিতে নির্ধারিত সময়ের আগে একাধিকবার কর্মস্থল ত্যাগ করছেন। অনেকে নির্ধারিত সময়ে এজলাসে বিচারিক কার্যক্রম শুরু করছেন না, আবার কোনো কোনো ক্ষেত্রে এজলাসের নির্ধারিত সময় শেষ হওয়ার আগেই কার্যক্রম শেষ করে দিচ্ছেন।
এতে বিচারপ্রার্থী জনগণের বিচারপ্রাপ্তি বিঘ্নিত হওয়ার পাশাপাশি বিচারিক কার্যক্রমের স্বাভাবিক গতি ও শৃঙ্খলা ব্যাহত হচ্ছে বলে সার্কুলারে উল্লেখ করা হয়েছে। ন্যায়বিচার নিশ্চিত করা, মামলাজট নিরসন এবং বিচারিক কার্যক্রমে কাঙ্ক্ষিত গতি আনার লক্ষ্যে নির্ধারিত কর্মঘণ্টার যথাযথ ও কার্যকর ব্যবহারের তাগিদ দেওয়া হয়েছে।