বৃহস্পতিবার, ২৬ নভেম্বর, ২০২৬

রেড ক্রিসেন্টের নতুন নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করল হাইকোর্ট

আদালত পুরোনো কমিশনকে আগের তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্ন করার নির্দেশও দিয়েছে।

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটির নির্বাচন ঘিরে সৃষ্ট জটিলতার মধ্যে নতুন করে গঠিত নির্বাচন কমিশনের কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত করেছেন হাইকোর্ট। একই সঙ্গে আগের নির্বাচন কমিশনকে আগের তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৩ নভেম্বর বিচারপতি সিকদার মাহমুদুর রাজী ও বিচারপতি ফাতেমা আনোয়ারের হাইকোর্ট বেঞ্চ এ আদেশ দেন। এ-সংক্রান্ত একটি রিট আবেদনের শুনানি শেষে আদালত এই নির্দেশনা দেন।

আদালতের আদেশে গত ২৭ অক্টোবর জারি করা সংশ্লিষ্ট সার্কুলারের কার্যকারিতা ও পরবর্তী কার্যক্রম তিন মাসের জন্য স্থগিত রাখা হয়েছে। পাশাপাশি ওই সার্কুলার এবং ৪ নভেম্বরের স্মারক কেন বেআইনি ও কর্তৃত্ববহির্ভূত ঘোষণা করা হবে না, তা জানতে চেয়ে সম্পূরক রুল জারি করা হয়েছে। আগের তিন সদস্যের নির্বাচন কমিশনকে সাচিবিক, আর্থিক ও লজিস্টিক সহায়তা দিয়ে চূড়ান্ত ভোটার তালিকা অনুযায়ী নির্বাচন শেষ করার নির্দেশ কেন দেওয়া হবে না, সে বিষয়েও রুলে জানতে চাওয়া হয়েছে। রুলের জবাব দিতে বলা হয়েছে চার সপ্তাহের মধ্যে।

আদালত তাঁর পর্যবেক্ষণে বলেন, আপিল বিভাগের নির্দেশনা অনুযায়ী নির্বাচন না করে কমিশন ভেঙে দিয়ে নতুন কমিশন গঠন ও নতুন তফসিল ঘোষণা আপিল বিভাগের আদেশকে ব্যর্থ করার একটি কৌশল বলে মনে হয়। আদালত তা প্রশ্রয় দেবে না বলেও মন্তব্য করেন।

আদেশের অনুলিপি পাওয়ার ১৫ দিনের মধ্যে আগের কমিশনকে পূর্বনির্ধারিত তফসিল অনুযায়ী অবশিষ্ট নির্বাচন সম্পন্নের প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে। শুনানিতে রাষ্ট্রপক্ষে ডেপুটি অ্যাটর্নি জেনারেল ও সহকারী অ্যাটর্নি জেনারেলরা উপস্থিত ছিলেন।