রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

সাগরের ১০ মিটার গভীরতায় সৌরবিদ্যুৎ উৎপাদনে চীনের নতুন অগ্রগতি

চীনের গবেষকেরা সমুদ্রের নিচে বিশেষ সৌরকোষ ব্যবহার করে বিদ্যুৎ উৎপাদনে সফলতা পেয়েছেন।

চীনের গবেষকেরা সমুদ্রের পানির নিচে সৌরবিদ্যুৎ উৎপাদনের ক্ষেত্রে নতুন মাইলফলক অর্জন করেছেন। তারা দক্ষিণ চীন সাগরের উন্মুক্ত পানিতে প্রায় ১০ মিটার গভীরে সৌর প্যানেল স্থাপন করেছেন। পানির নিচ থেকে বিদ্যুৎ উৎপাদন করতে পেরেছেন তারা, যা ব্যাটারি চার্জ করতে এবং এলইডি আলো জ্বালাতে ব্যবহৃত হয়েছে। এই গবেষণার ফল ১১ সেপ্টেম্বর ‘জুল’ সাময়িকীতে প্রকাশিত হয়েছে।

গবেষকেরা জানিয়েছেন, সমুদ্রের গভীরে সূর্যের আলো দ্রুত দুর্বল হয়ে যায় এবং ১০ মিটার গভীরতায় মাত্র ১০% আলো পৌঁছায়। এ কারণে তারা লেড-হ্যালাইড পেরোভস্কাইট দিয়ে তৈরি বিশেষ সৌরকোষ ব্যবহার করেছেন। এই ধরনের সৌরকোষ নীলচে-সবুজ আলোতে বেশি কার্যকর, যা সামুদ্রিক পরিবেশে বিদ্যুৎ উৎপাদনে সহায়ক।

এর আগে পানির নিচে সৌরকোষ নিয়ে যেসব পরীক্ষা হয়েছে, সেগুলোর বেশির ভাগই ২ মিটার বা তার কম গভীরতায় সীমাবদ্ধ ছিল বলে জানান গবেষক ঝাং ওয়েনহুয়া। এবার এই সৌরকোষ ২৫ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় কৃত্রিম পরিবেশে ৩৪.৭১% কার্যকারিতা প্রদর্শন করেছে।

সৌরকোষের ওপর বিউটাইল রাবার, কাচ ও স্বচ্ছ ইপোক্সি রেজিনের সুরক্ষা স্তর দিয়ে তা সমুদ্রের পরিবেশে স্থিতিশীল রাখার চেষ্টা করা হয়েছে। গবেষকরা আরও জানিয়েছেন, এই সৌরকোষ ১০ মিটার গভীরতায় প্রায় ৫ বছর ৬ মাস কার্যকর থাকতে পারে এবং পরে ৮০% শক্তি ধরে রাখতে সমর্থ হবে।

ভবিষ্যতে এই প্রযুক্তি পানির নিচের বিভিন্ন যন্ত্রে বিদ্যুৎ সরবরাহে কাজে লাগতে পারে বলে আশা করছেন গবেষকেরা। এটি সমুদ্রতলে রোবটিক যন্ত্রপাতি পরিচালনায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে। উক্ত পরীক্ষা চীনের সমুদ্র গবেষণার ইতিহাসে নতুন অধ্যায় সূচনা করতে সক্ষম হয়েছে।