বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬

২৫ বছরে যৌতুকের কারণে ৩ হাজার ৭৪৮ নারী খুন, ধর্ষণের শিকার ২১ হাজারের বেশি নারী ও কন্যাশিশু: অধিকারের তথ্য

নারীর প্রতি সহিংসতা নির্মূল দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবের আলোচনায় মানবাধিকার সংগঠন অধিকার ২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ের তথ্য তুলে ধরেছে।

গত ২৫ বছরে দেশে ৬ হাজার ৮১৫ নারী যৌতুক সহিংসতার শিকার হয়েছেন। মানবাধিকার সংগঠন অধিকারের তথ্য অনুযায়ী, এর মধ্যে ৩ হাজার ৭৪৮ নারীকে যৌতুকের কারণে হত্যা করা হয়েছে, ২ হাজার ৭৮৭ জন নানাভাবে নিপীড়নের শিকার হয়েছেন এবং নিপীড়ন সহ্য করতে না পেরে ২৮০ জন নারী আত্মহত্যা করেছেন। মঙ্গলবার নারীর প্রতি সহিংসতা নির্মূল আন্তর্জাতিক দিবস উপলক্ষে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত আলোচনায় সংগঠনটি ২০০১ থেকে ২০২৬ সালের অক্টোবর পর্যন্ত সময়ের জরিপের এই তথ্য উপস্থাপন করে।

একই সময়ে ২১ হাজার ৬২৭ নারী ও কন্যাশিশু ধর্ষণের শিকার হয়েছেন বলে জানায় অধিকার। এদের মধ্যে ১১ হাজার ৭১৫ জন কন্যাশিশু এবং ৯ হাজার ৫০৯ জন নারী; ৪০৩ জনের বয়স জানা যায়নি। যৌন হয়রানির শিকার হয়েছেন ৩ হাজার ৫০৩ জন নারী ও কন্যাশিশু। যৌন হয়রানির প্রতিবাদ করতে গিয়ে আক্রমণের শিকার হয়েছেন ৯৭০ জন পুরুষ ও ২২৫ জন নারী।

অধিকারের পরিচালক (অ্যাডভোকেসি) তাসকিন ফাহমিনার সঞ্চালনায় আলোচনায় বক্তব্য দেন নারীপক্ষের প্রোগ্রাম ম্যানেজার কামরুননাহার, সংসদ সদস্য নাজমুন নাহার, এবি পার্টির যুগ্ম সাধারণ সম্পাদক নাসরিন সুলতানা মিলি, উবিনীগের লাবনী মণ্ডলসহ নারী অধিকার সংগঠনের প্রতিনিধিরা।

বক্তারা বলেন, নারীর প্রতি সহিংসতার আরেকটি ক্রমবর্ধমান ক্ষেত্র অনলাইন বা ডিজিটাল সহিংসতা। সামাজিক যোগাযোগমাধ্যমে অশালীন মন্তব্য, যৌন হয়রানি, ধর্ষণের হুমকি, অনুমতি ছাড়া ব্যক্তিগত ছবি ও তথ্য প্রকাশ, ছবি বিকৃত করে প্রচার এবং ভুয়া অ্যাকাউন্টের মাধ্যমে নারীদের হেয় করার ঘটনা উদ্বেগজনকভাবে বাড়ছে। তাঁদের ভাষ্য, নারী অধিকারকর্মী, সাংবাদিক, রাজনৈতিক কর্মী ও শিক্ষার্থীরা বিশেষভাবে এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন।

আলোচকেরা আরও বলেন, জুলাই গণ-অভ্যুত্থানে নারীদের ব্যাপক অংশগ্রহণের পর অনেক নারী অনলাইনে হয়রানি, ধর্ষণের হুমকি ও বিকৃত ছবি-ভিডিও প্রচারের শিকার হয়েছেন। নারীর মতপ্রকাশ, সংগঠিত হওয়া ও নেতৃত্বের অধিকার অনলাইন ও অফলাইন—দুই ক্ষেত্রেই সুরক্ষিত করতে হবে বলে তাঁরা মত দেন। গুমের শিকার ব্যক্তিদের পরিবারের নারী সদস্যদের দীর্ঘ সংগ্রামও এ আলোচনায় গুরুত্ব পায়।