টাঙ্গাইলের ঘাটাইল উপজেলায় দুটি মেছোবাঘ দেখা যাওয়ার পর শতাধিক পরিবার আতঙ্কে আছে। শুক্রবার সকালে উপজেলার লক্ষিন্দর ইউনিয়নের তালতলা গ্রামে বাড়ির পাশের ঝোপঝাড়ে প্রাণী দুটিকে দেখা যায়। পরে মসজিদের মাইকে ঘোষণা দিয়ে লোকজন জড়ো হলে প্রাণী দুটি পালিয়ে যায়। এখনো সেগুলো ধরা না পড়ায় এলাকাবাসী আতঙ্কে আছেন।
স্থানীয় বাসিন্দা মো. বাবলু মিয়া জানান, বেশ কিছুদিন ধরে দুটি মেছোবাঘ তালতলা এলাকায় ঘোরাফেরা করছিল। অনিকনগর পার্কের পশ্চিম পাশে বারেকের বাড়ির কাছের ঝোপে প্রাণী দুটি দেখা গেলে হারুন নামের এক কিশোর মোবাইল ফোনে ভিডিও ধারণ করে। মুহূর্তেই সেই ভিডিও ফেসবুকে ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্য তৈরি হয় এবং শত শত উৎসুক মানুষ ঘন জঙ্গলের পাশে ভিড় জমান।
স্থানীয় বাসিন্দা আব্দুল বারেক মিয়া বলেন, সকাল ১০টার দিকে তিনি দুটি মেছোবাঘকে তাঁর বাড়ির পশ্চিম পাশের ঘন জঙ্গল থেকে বেরিয়ে এসে শুয়ে থাকতে দেখেন। পরে প্রাণী দুটি উচ্চস্বরে গর্জন করতে থাকলে কেউ সামনে যাওয়ার সাহস পাননি। ইউনিয়ন পরিষদ সদস্য আব্দুল্লাহ জানান, ভিডিও ছড়িয়ে পড়ার পর পুরো এলাকায় আতঙ্ক ছড়ায়।
উপজেলা বন কর্মকর্তা মো. এমরান আলী জানান, খবর পেয়ে তিনি তাৎক্ষণিক ঘটনাস্থলে যান। তাঁর ভাষ্য, স্থানীয়রা ভুল করে এটিকে চিতাবাঘ বললেও এটি মূলত মেছোবাঘ বা মেছো বিড়াল; নামের সঙ্গে ‘বাঘ’ কথাটি থাকায় আতঙ্ক সৃষ্টি হয়। তিনি স্থানীয়দের আতঙ্কিত না হতে এবং প্রাণী দুটিকে না মারতে মসজিদের মাইকে অনুরোধ জানিয়েছেন।