ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া রেলওয়ে স্টেশনের অদূরে ঢাকাগামী তিতাস কমিউটার ট্রেনে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে। এতে ট্রেনের বেশ কয়েকটি আসন পুড়ে গেলেও দ্রুত আগুন নিয়ন্ত্রণে আসায় বড় ক্ষয়ক্ষতি এড়ানো গেছে। ঘটনার পরপরই অভিযান চালিয়ে দুই যুবককে আটক করেছে রেলওয়ে পুলিশ (জিআরপি) ও রেলওয়ে নিরাপত্তা বাহিনী (আরএনবি)।
মঙ্গলবার (১০ নভেম্বর) দিবাগত রাত ৩টার দিকে স্টেশন থেকে প্রায় এক কিলোমিটার উত্তরে এ ঘটনা ঘটে। আটক দুজন হলেন মুরসালিন (২৩) ও নূরুল (২৫)। তারা আখাউড়া উপজেলার মোগড়া ইউনিয়নের নয়াদিল গ্রামের বাসিন্দা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ওই সময় ট্রেনটির শান্টিংয়ের কাজ চলছিল। দায়িত্বরত গেটকিপার স্বাধীন আহমেদ ট্রেনের ভেতরে আগুন দেখতে পেয়ে রেলওয়ে কন্ট্রোল অফিস ও আখাউড়া ফায়ার সার্ভিসকে খবর দেন। ফায়ার সার্ভিসের একটি দল দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আগুন নিভিয়ে ফেলে।
আখাউড়া রেলওয়ে স্টেশন সুপারিনটেনডেন্ট মো. নুরুন্নবী জানান, ক্ষতিগ্রস্ত বগিটি রেখে ট্রেনটি নির্ধারিত সময়ের এক ঘণ্টা পর আখাউড়া স্টেশন ছেড়ে যায়।
আরএনবির ইনচার্জ মো. জাহাঙ্গীর আলম বলেন, শান্টিং চলাকালে দুর্বৃত্তরা ট্রেনে আগুন দেয়। তাৎক্ষণিক অভিযানে দুজনকে আটক করা হয়েছে। তাদের বিস্তারিত জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে বলে জানান তিনি। আটক ব্যক্তিদের বিরুদ্ধে অভিযোগ এখনো আদালতে প্রমাণিত হয়নি।