রবিবার, ২২ নভেম্বর, ২০২৬

গাজায় গণহত্যা বন্ধে আইসিজের রায় চাইলেন রামাফোসা

জাতিসংঘ সাধারণ পরিষদে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট বললেন, বাণিজ্যকে অস্ত্র বানানো হচ্ছে; আফ্রিকায় প্রথম জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন করবে তাঁর দেশ

দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা
ছবি: দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা | সংগৃহীত

জাতিসংঘ সাধারণ পরিষদের ৮০তম অধিবেশনে দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে উল্লেখ করে আন্তর্জাতিক বিচার আদালতকে (আইসিজে) আনুষ্ঠানিক রায় দেওয়ার আহ্বান জানিয়েছেন। একইসঙ্গে তিনি বৈশ্বিক বাণিজ্যে অস্থিরতা, কিউবার ওপর মার্কিন অবরোধ এবং আফ্রিকায় প্রথমবারের মতো জি-২০ শীর্ষ সম্মেলন আয়োজন নিয়েও কথা বলেছেন।

নিউইয়র্কে জাতিসংঘ সদর দফতরে সোমবার (২২ সেপ্টেম্বর) ভাষণ দেন দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্ট সিরিল রামাফোসা। বক্তব্যের শুরুতেই তিনি আন্তর্জাতিক আইন ও জাতিসংঘ সনদের মৌলিক মূল্যবোধ রক্ষার আহ্বান জানান।

গাজা প্রসঙ্গে রামাফোসা বলেন, “বিশ্বের অনেক দেশ এখন একমত যে, ইসরায়েল গাজায় গণহত্যা চালাচ্ছে। জীবন রক্ষার স্বার্থে দক্ষিণ আফ্রিকা আন্তর্জাতিক বিচার আদালতে মামলা করেছে। আদালতকে অবশ্যই রায় দিতে হবে যে গণহত্যা ঘটছে এবং তা অবিলম্বে বন্ধ হওয়া উচিত।”

তিনি অভিযোগ করেন, জাতিসংঘ সনদ মানতে সম্মত হলেও অনেক দেশ ইচ্ছাকৃতভাবে তা লঙ্ঘন করছে এবং কোনো পরিণতির মুখে পড়ছে না। “আমাদের সম্মিলিত দায়িত্ব হলো—ফিলিস্তিনি জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার নিশ্চিত করা,” তিনি যোগ করেন।

বাণিজ্য নীতি প্রসঙ্গে ট্রাম্প প্রশাসনের শুল্কনীতিকে পরোক্ষভাবে আক্রমণ করে রামাফোসা বলেন, “ভূরাজনৈতিক ধাক্কা এবং নজিরবিহীন বাণিজ্য নীতি অস্থিরতা বিশ্ব অর্থনীতিকে ঝুঁকির মুখে ফেলছে। এখন বাণিজ্যকে অস্ত্র হিসেবে ব্যবহার করা হচ্ছে।” এসময় তিনি কিউবার ওপর যুক্তরাষ্ট্রের দীর্ঘদিনের অবরোধ তুলে নেওয়ারও আহ্বান জানান।

রামাফোসা আরও উল্লেখ করেন, নভেম্বরে দক্ষিণ আফ্রিকায় অনুষ্ঠিত হতে যাওয়া জি-২০ সম্মেলন হবে আফ্রিকার মাটিতে প্রথমবারের মতো এই আয়োজন। “মানবজাতির উৎসভূমি আফ্রিকায় জি-২০ সম্মেলন আয়োজন করা আমাদের জন্য গর্বের,” তিনি বলেন। এবারের সভাপতিত্বের মূল বিষয় নির্ধারণ করা হয়েছে—“সমতা, সংহতি ও স্থায়িত্ব।”

 

দক্ষিণ আফ্রিকা ২০২৩ সালের ডিসেম্বরেই ইসরায়েলের বিরুদ্ধে গণহত্যার অভিযোগে আইসিজেতে মামলা করেছিল। সাম্প্রতিক সময়ে জাতিসংঘের একটি কমিশনও গাজায় ইসরায়েলের কর্মকাণ্ডকে গণহত্যা হিসেবে আখ্যা দিয়েছে। ফলে রামাফোসার বক্তব্য আন্তর্জাতিক মহলে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।