নতুন দুটি থানা ও দুটি পৌরসভা গঠনের অনুমোদন দিয়েছে সরকার। একই সঙ্গে একটি থানার নাম পরিবর্তন এবং দুটি উপজেলার প্রশাসনিক সদর দপ্তর স্থানান্তরের সিদ্ধান্তও অনুমোদন পেয়েছে। সোমবার সচিবালয়ে প্রশাসনিক পুনর্বিন্যাস–সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে এসব প্রস্তাব অনুমোদন দেওয়া হয়। বিষয়টি জানিয়েছেন প্রধানমন্ত্রীর উপপ্রেস সচিব হাসান শিপলু।
অনুমোদিত সিদ্ধান্ত অনুযায়ী, কক্সবাজারের চকরিয়া থানাকে বিভক্ত করে মাতামুহুরী উপজেলার কোনাখালী ইউনিয়নের বটতলী এলাকায় ‘মাতামুহুরী থানা’ স্থাপন করা হবে। বগুড়ার শিবগঞ্জ থানা ভেঙে নবসৃষ্ট মোকামতলা উপজেলায় গঠিত হবে ‘মোকামতলা থানা’। একই উপজেলায় ‘মোকামতলা পৌরসভা’ এবং সিলেটের জৈন্তাপুর উপজেলায় ‘জৈন্তাপুর পৌরসভা’ গঠনের অনুমোদনও দেওয়া হয়েছে।
ময়মনসিংহের নবসৃষ্ট দক্ষিণ গফরগাঁও উপজেলার নামের সঙ্গে সামঞ্জস্য রেখে ‘পাগলা থানা’র নাম পাল্টে ‘দক্ষিণ গফরগাঁও থানা’ করা হবে। এ ছাড়া লক্ষ্মীপুর সদর উপজেলা ভেঙে সৃষ্ট ‘চন্দ্রগঞ্জ’ উপজেলার প্রশাসনিক সদর দপ্তর হাজিরপাড়া ইউনিয়নের ১৬৩ নম্বর উত্তর চন্দ্রপুর ও ১৬৬ নম্বর হাজিরপাড়া মৌজায় স্থাপন করা হবে। আগে প্রস্তাব ছিল মটবী ও চরচামিতা মৌজায়। কুমিল্লার মুরাদনগর ভেঙে সৃষ্ট বাঙ্গরা উপজেলার সদর দপ্তর খামারগ্রাম মৌজার বদলে বাঙ্গরা পূর্ব ইউনিয়নের ৪০ নম্বর দক্ষিণ বাঙ্গরা মৌজায় স্থাপনের অনুমোদন হয়েছে।
প্রস্তাবগুলোর মধ্যে নতুন থানা স্থাপন ও থানার নাম পরিবর্তনের উদ্যোগ নিয়েছে স্বরাষ্ট্র মন্ত্রণালয়। আর পৌরসভা গঠন এবং উপজেলা সদর দপ্তর স্থানান্তরের প্রস্তাব এসেছে স্থানীয় সরকার বিভাগ থেকে। সরকারের ভাষ্য, প্রশাসনিক কার্যক্রম গতিশীল করা এবং জনসেবা সহজ করাই এসব সিদ্ধান্তের লক্ষ্য।