জয়পুরহাটের ক্ষেতলালে নাশকতামূলক কর্মকাণ্ডের পরিকল্পনার অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের মামুদপুর ইউনিয়ন শাখার সভাপতি এম এইচ নুরুন্নবী ওরফে রতন চৌধুরীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
পুলিশ সূত্রে জানা গেছে, রোববার রাত ৯টার দিকে উপজেলার একটি ব্যবসাপ্রতিষ্ঠান থেকে তাঁকে আটক করা হয়। জয়পুরহাটের পুলিশ সুপারের নির্দেশনায় এবং ক্ষেতলাল থানার ওসি মোক্তারুল আলমের নেতৃত্বে একটি দল অভিযান চালায়। সোমবার সকাল ১১টার দিকে পুলিশি নিরাপত্তায় তাঁকে জয়পুরহাটের আদালতে পাঠানো হয়।
গ্রেপ্তার নুরুন্নবী ক্ষেতলাল উপজেলার সমানতাহার গ্রামের মৃত তোফাজ্জল হোসেন চৌধুরীর ছেলে।
ওসি মোক্তারুল আলম জানান, নাশকতার পরিকল্পনার অংশ হিসেবে নুরুন্নবী বিভিন্ন সহযোগী ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীর সঙ্গে হোয়াটসঅ্যাপ গ্রুপে বৈঠক ও যোগাযোগ করে পরিকল্পনা করছিলেন। এ ঘটনায় দায়ের করা মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়েছে।
আদালতে দোষ প্রমাণিত না হওয়া পর্যন্ত তিনি অভিযুক্ত হিসেবেই বিবেচিত হবেন।