গত অক্টোবর মাসে দেশের সীমান্ত এলাকাসহ বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে মোট ২৭৩ কোটি ৩৭ লাখ ৬৫ হাজার টাকা মূল্যের চোরাচালান পণ্য জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। শনিবার বিজিবির পক্ষ থেকে এ তথ্য জানানো হয়েছে।
বিজিবির দেওয়া তালিকা অনুযায়ী, জব্দ পণ্যের মধ্যে রয়েছে ১ কেজি ৪৩৫ গ্রাম স্বর্ণ, ১৩ হাজার ৭৭৮ পিস শাড়ি, ৫ হাজার ৯৭৬টি থ্রি-পিস, শার্টপিস, চাদর ও কম্বল, ২ হাজার ২৮টি তৈরি পোশাক, ৪ হাজার ৩৫১ মিটার থান কাপড় এবং ১ হাজার ৩২৫টি ইমিটেশন গয়না।
এ ছাড়া ২ লাখ ৭৬ হাজার ৯৮টি কসমেটিকস সামগ্রী, ২২ লাখ ৪৩ হাজার ২৫৭ পিস আতশবাজি, ৫ হাজার ৭২৫ ঘনফুট কাঠ, ১ লাখ ৬৯ হাজার ৪৫৮ কেজি কয়লা, ৩ হাজার ৪৬২ কেজি চা পাতা, ১ হাজার ৬৮৫ কেজি সুপারি, ৩৮১টি মোবাইল ফোন এবং ১৫ হাজার ৪৮ পিস মোবাইলের ডিসপ্লে জব্দ করা হয়েছে। জব্দ তালিকায় আরও আছে ১২ হাজার ৫৭৮ পিস মোবাইলের যন্ত্রাংশ, ৯৮ হাজার ৮০০ পিস রেজার ব্লেড, ২৬ হাজার ৬৭৩টি চশমা, ২ লাখ ১৮ হাজার ২৩৩ প্যাকেট চকলেট, ৩৩ হাজার ৬৯১ কেজি জিরা, ৮ হাজার ৫৪৪ কেজি রসুন, ৬ হাজার ৫৪৭ কেজি চিনি ও ১২ হাজার ১৪২ কেজি সার।
বিজিবি আরও জানায়, একই সময়ে বিপুল পরিমাণ মাদকদ্রব্যও জব্দ করা হয়েছে। জব্দ পণ্যের মধ্যে নানা ধরনের ওষুধ, কীটনাশক, কষ্টি পাথরসহ অন্যান্য সামগ্রীও রয়েছে।