শুক্রবার, ১৩ নভেম্বর, ২০২৬

রাকসুর তফসিল ঘোষণা ও সিনেট কার্যকরের দাবিতে রাবি প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম

রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর পরবর্তী তফসিল ঘোষণা ও নির্বাচিত সিনেট কার্যকরের দাবিতে ‘রাবি সংস্কার আন্দোলন’ প্রশাসনকে চার দিনের সময় বেঁধে দিয়েছে।

রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (রাকসু) নির্বাচনের পরবর্তী তফসিল ঘোষণা এবং সিনেট কার্যকরের দাবিতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে চার দিনের আল্টিমেটাম দিয়েছেন শিক্ষার্থীদের একাংশ। এর মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান উদ্যোগ না নিলে কঠোর কর্মসূচির হুঁশিয়ারিও দিয়েছেন তাঁরা।

বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেটে ‘রাবি সংস্কার আন্দোলন’-এর ব্যানারে আয়োজিত সংবাদ সম্মেলনে এ আল্টিমেটাম দেওয়া হয়। সংগঠনের সহ-মুখপাত্র জান্নাতুল ফেরদৌস লিখিত বক্তব্যে বলেন, দীর্ঘ ৩৫ বছর পর শিক্ষার্থীদের প্রত্যক্ষ ভোটে নির্বাচিত প্রতিনিধিদের মাধ্যমে যে গণতান্ত্রিক চর্চা শুরু হয়েছে, তার ধারাবাহিকতা রক্ষা করা প্রশাসনের নৈতিক ও প্রাতিষ্ঠানিক দায়িত্ব। নির্বাচিত সিনেট প্রতিনিধিদের কার্যকর অংশগ্রহণ ও নিয়মিত সিনেট অধিবেশনও গণতান্ত্রিক কাঠামো সচল রাখতে জরুরি বলে মত দেন তিনি।

তাঁর অভিযোগ, প্রশাসনিক দীর্ঘসূত্রতা ও নানা অজুহাতে শিক্ষার্থীদের গণতান্ত্রিক অধিকার অনির্দিষ্টকালের জন্য ঝুলিয়ে রাখা হচ্ছে। চার দিনের মধ্যে দৃশ্যমান পদক্ষেপ না নিলে প্রশাসনিক ভবনের সামনে অবস্থান কর্মসূচি পালন করা হবে বলে জানান তিনি। একই সঙ্গে রাকসু ও সিনেট কার্যক্রম সচলের দাবিতে বিশ্ববিদ্যালয়ের সব ক্রিয়াশীল ছাত্রসংগঠনকে চলমান আন্দোলনে অংশ নিতে আহ্বান জানানো হয়।

সংগঠনের আহ্বায়ক ও রাকসুর সাবেক সাধারণ সম্পাদক (জিএস) সালাউদ্দিন আম্মার বলেন, রাকসু কোনো ব্যক্তি বা নির্দিষ্ট সংগঠনের সম্পত্তি নয়; এটি সব শিক্ষার্থীর গণতান্ত্রিক অধিকারের প্রতিষ্ঠান। অন্য বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানিয়ে তিনি বলেন, ছাত্র সংসদ অকার্যকর হয়ে গেলে ক্যাম্পাসে আবার ত্রাস, সন্ত্রাস, সিট বাণিজ্য ও আধিপত্যের রাজনীতি ফিরে আসবে। আল্টিমেটামের বিষয়ে বিশ্ববিদ্যালয় প্রশাসনের বক্তব্য এ প্রতিবেদন তৈরির সময় পাওয়া যায়নি।