চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে নিরাপদ পারাপারের ব্যবস্থা না থাকায় প্রতিদিনই দুর্ভোগে পড়ছেন রোগী ও তাঁদের স্বজনেরা। হাসপাতালের সামনে মহাসড়কে ডিভাইডার থাকায় সরাসরি পার হওয়ার সুযোগ নেই; ফলে ঝুঁকি নিয়েই রাস্তা পেরোতে হচ্ছে। বিশেষ করে গুরুতর অসুস্থ রোগী, হুইলচেয়ার ব্যবহারকারী, স্ট্রেচারে থাকা রোগী ও গর্ভবতী নারীদের জন্য মহাসড়ক পার হওয়া অত্যন্ত কঠিন।
হাসপাতালের সামনে পর্যাপ্ত আলোকসজ্জা ও দৃশ্যমান সতর্কতামূলক নির্দেশনা না থাকায় রাতে ঝুঁকি আরও বাড়ে। ঢাকা থেকে আসা রোগীবাহী যানবাহন সরাসরি হাসপাতালে ঢুকতে পারে না; অনেক দূরে গিয়ে ঘুরে আসতে হয় বলে অভিযোগ আছে। আবার হাসপাতাল থেকে বের হয়ে চট্টগ্রামমুখী গন্তব্যে যেতে গিয়েও অ্যাম্বুলেন্সসহ জরুরি যানবাহনকে বাড়তি পথ পাড়ি দিতে হয়। কোনো কোনো ক্ষেত্রে উল্টো পথে চলাচলের ঝুঁকিও তৈরি হয় বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা।
স্থানীয়দের ভাষ্য, সীতাকুণ্ড পৌর এলাকা ছাড়াও শিল্পাঞ্চল, উপকূলীয় জনপদ, পাহাড়ি জনবসতি এবং মিরসরাইয়ের বারইয়ারহাটসংলগ্ন এলাকার মানুষও এই হাসপাতালের ওপর নির্ভরশীল। মহাসড়কে দুর্ঘটনায় আহত ব্যক্তি ও শিল্পকারখানায় দুর্ঘটনার শিকার শ্রমিকদেরও চিকিৎসার জন্য এখানে আনা হয়। ফলে নিরাপদ যাতায়াতের ব্যবস্থা না থাকা শুধু রোগীদের দুর্ভোগ নয়, জরুরি চিকিৎসাসেবার ক্ষেত্রেও বড় বাধা হয়ে দাঁড়িয়েছে।
স্থানীয়দের দাবি, এ পথে মহাসড়ক পার হতে গিয়ে আগে প্রাণহানি ও আহত হওয়ার ঘটনা ঘটেছে। তাঁদের দেওয়া তথ্য অনুযায়ী, হাসপাতালের কর্মচারী শফি রাতে মহাসড়ক পার হওয়ার সময় দুর্ঘটনায় নিহত হন এবং আরেক ব্যক্তি আহত হন। এ ছাড়া সোহেল ও রুবেল নামের আরও দুজন আহত হওয়ার কথাও জানিয়েছেন তাঁরা। প্রায় এক দশক আগেও হাসপাতাল ও ফায়ার সার্ভিসের সামনে নিরাপদ ইউটার্ন না থাকায় জরুরি যানবাহনের বাড়তি পথ ঘোরার দুর্ভোগ নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয়েছিল। এত বছর পরও রোগীদের নিরাপদ পারাপারের প্রশ্নটি নতুন করে সামনে আসায় স্থানীয়দের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
এলাকাবাসী ও রোগীদের স্বজনদের দাবি, বিশেষজ্ঞ দলের পরামর্শে শুধু একটি ফুটওভারব্রিজ নির্মাণ করলেই সমস্যার পূর্ণ সমাধান হবে না। অসুস্থ, বয়স্ক, প্রতিবন্ধী ও স্ট্রেচারে থাকা রোগীদের চলাচলের উপযোগী র্যাম্প বা বিকল্প প্রবেশব্যবস্থা রাখতে হবে। একই সঙ্গে মহাসড়কের দুই পাশে পর্যাপ্ত সড়কবাতি, আলোকিত সতর্কতামূলক সাইনবোর্ড, হাসপাতাল নির্দেশক চিহ্ন এবং অ্যাম্বুলেন্সের নিরাপদ প্রবেশ ও বের হওয়ার ব্যবস্থা নিশ্চিত করতে হবে। প্রয়োজন হলে প্রকৌশলগত সমীক্ষার ভিত্তিতে ডিভাইডার ও ইউটার্ন ব্যবস্থা পুনর্বিন্যাস করার দাবিও তুলেছেন তাঁরা।