চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) হীরকজয়ন্তী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে শুভেচ্ছা র্যালিকে কেন্দ্র করে শাখা ছাত্রদল ও ছাত্রশিবিরের নেতাকর্মীরা মুখোমুখি হয়েছেন। বুধবার দুই পক্ষের মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা, পরে ধাক্কাধাক্কি ও হাতাহাতির ঘটনা ঘটে। দুটি সংগঠনই বলেছে, এতে তাদের বেশ কয়েকজন আহত হয়েছেন।
ঘটনার বিবরণ অনুযায়ী, ছাত্রশিবিরের শুভেচ্ছা র্যালি অনুষ্ঠানের প্যান্ডেলের দিকে এগিয়ে গেলে শাখা ছাত্রদলের সভাপতি আলাউদ্দিন মহসিন তাতে বাধা দেন। এরপর শিবিরের নেতাকর্মীরা র্যালি নিয়ে সামনে যেতে চাইলে উত্তেজনা তৈরি হয় এবং তা ধাক্কাধাক্কি ও হাতাহাতিতে গড়ায়।
শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান বলেন, ছাত্রশিবির মিছিল নিয়ে এসে ছাত্রদলের সভাপতিসহ পাঁচ-ছয়জনের ওপর ধাক্কাধাক্কি ও হামলা করেছে। খবর পেয়ে তাঁরা নেতাকর্মীদের নিয়ে সেখানে যান বলে জানান তিনি; তাঁর ভাষ্য, ছাত্রদলের আগে থেকে কোনো কর্মসূচি ছিল না।
অন্যদিকে শাখা ছাত্রশিবিরের সভাপতি ও চাকসুর সাবেক ভিপি ইব্রাহিম হোসেন রনি বলেন, জিরো পয়েন্ট থেকে অনুষ্ঠানস্থল পর্যন্ত তাঁদের র্যালি ছিল। মাঠে প্রবেশের সময় ছাত্রদলের সভাপতি ব্যানার ধরে বাধা দেন এবং একপর্যায়ে বিশৃঙ্খলা শুরু হয়। ব্যানার টানাটানিতে তাঁদের বেশ কয়েকজন আহত হয়েছেন বলে তিনি দাবি করেন।
আহতদের বিষয়ে বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারের চিফ মেডিকেল অফিসার আবু তৈয়ব জানান, দুজন শিক্ষার্থী চিকিৎসা নিতে এসেছিলেন। তাঁদের হাতে ও পায়ে সামান্য আঘাত রয়েছে।