পাবনার ঈশ্বরদীর রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র থেকে জাতীয় গ্রিডে বিদ্যুৎ সরবরাহের দীর্ঘ অপেক্ষার অবসান হতে যাচ্ছে। প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, কোনো কারিগরি জটিলতা না হলে চলতি সপ্তাহেই কেন্দ্রটির প্রথম ইউনিটের উৎপাদিত বিদ্যুৎ পরীক্ষামূলকভাবে জাতীয় গ্রিডে যুক্ত হতে পারে।
প্রাথমিক পর্যায়ে চলতি মাসেই প্রায় ৩০০ মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। তবে এর জন্য বাংলাদেশ পরমাণু শক্তি নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের (বায়েরা) অনুমোদন প্রয়োজন। সংশ্লিষ্ট সূত্র জানায়, পরীক্ষামূলক উৎপাদনের প্রাথমিক কার্যক্রম এবং বিভিন্ন কারিগরি ব্যবস্থার সমন্বয়ের কাজ ইতিমধ্যে এগিয়েছে।
সূত্রের তথ্য অনুযায়ী, প্রথম ইউনিটের রিঅ্যাক্টরের তাপীয় সক্ষমতা ৪০ শতাংশে উন্নীত হলে পূর্ণ সক্ষমতার ৩০ থেকে ৩৫ শতাংশ বিদ্যুৎ উৎপাদন সম্ভব হবে। সেই হিসাবেই প্রাথমিকভাবে প্রায় ৩০০ মেগাওয়াট গ্রিডে দেওয়ার পরিকল্পনা।
তবে গ্রিডে সংযোগ দেওয়ার পরপরই নিয়মিত সরবরাহ শুরু হবে না। পরীক্ষামূলক সংযোগের পর কয়েক দিন উৎপাদন ও সরবরাহ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে এবং কোনো ত্রুটি বা কারিগরি সমস্যা আছে কি না যাচাই করা হবে। সবকিছু সন্তোষজনক হলে বায়েরার অনুমোদন নেওয়া হবে; এরপরই আনুষ্ঠানিকভাবে বিদ্যুৎ সরবরাহ শুরুর উদ্বোধন হতে পারে।
বায়েরার চেয়ারম্যান ড. মাহমুদুল হাসান বলেন, গ্রিডে বিদ্যুৎ সরবরাহ শুরুর নির্দিষ্ট সময় এখনই নিশ্চিত করে বলা যাচ্ছে না। যত দ্রুত সম্ভব কার্যক্রম শুরুর চেষ্টা চলছে। পরীক্ষামূলক সরবরাহের পর প্রতিটি ধাপ নিবিড়ভাবে পরীক্ষা করা হবে। কোনো সমস্যা নেই, এটি নিশ্চিত হওয়ার পরই আনুষ্ঠানিক উদ্বোধন হবে। তিনি জানান, প্রধানমন্ত্রী সময় দেওয়ার ওপরও উদ্বোধনের সূচি নির্ভর করছে।
প্রকল্পসংশ্লিষ্ট সূত্র জানায়, উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান প্রধান অতিথি হিসেবে থাকতে পারেন এবং রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন ভিডিও কনফারেন্সে যুক্ত হতে পারেন। এ বিবেচনায় আগামী ডিসেম্বরে আনুষ্ঠানিক উদ্বোধনের পরিকল্পনা আছে, তবে তারিখ এখনো চূড়ান্ত হয়নি।
সূত্রের ভাষ্য, প্রথম ইউনিট থেকে শুরুতে ৩০০ মেগাওয়াট দিলেও ধাপে ধাপে উৎপাদন বাড়ানো হবে। পূর্ণ সক্ষমতায় উৎপাদন ও সরবরাহে আরও পাঁচ থেকে ছয় মাস লাগতে পারে; অর্থাৎ আগামী বছরের এপ্রিল থেকে জুনের মধ্যে প্রথম ইউনিটের পূর্ণ সক্ষমতার বিদ্যুৎ গ্রিডে যুক্ত হওয়ার সম্ভাবনা রয়েছে। রাশিয়ার প্রযুক্তি, অর্থায়ন ও কারিগরি সহায়তায় নির্মিত কেন্দ্রটিতে ১ হাজার ২০০ মেগাওয়াট ক্ষমতার দুটি ইউনিট রয়েছে; দুটি পূর্ণ সক্ষমতায় চালু হলে গ্রিডে মোট ২ হাজার ৪০০ মেগাওয়াট যুক্ত হবে।