রাজশাহীর মোহনপুরে জাতীয় প্রাণিসম্পদ দিবস-২০২৬ উপলক্ষে র্যালি, আলোচনা সভা, সম্মাননা প্রদান এবং শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাদ্য বিতরণের কর্মসূচি পালিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকালে উপজেলা প্রাণিসম্পদ দপ্তরের উদ্যোগে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি র্যালি বের হয়। র্যালি উপজেলার প্রধান সড়কগুলো প্রদক্ষিণ করে উপজেলা পরিষদ হলরুমে গিয়ে শেষ হয়।
পরে সেখানে দিবসটির তাৎপর্য তুলে ধরে আলোচনা সভা হয়। সভায় প্রধান অতিথি ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ফাহিমা বিনতে আখতার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. খন্দকার সাগর আহমেদ, যুব উন্নয়ন কর্মকর্তা সঈদ আলী রেজা, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা তরিকুল ইসলাম, জনস্বাস্থ্য প্রকৌশলী রবিউল ইসলাম এবং উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আব্দুস সামাদ।
বক্তারা বলেন, প্রাণিসম্পদ খাত দেশের পুষ্টি নিরাপত্তা, কর্মসংস্থান, গ্রামীণ অর্থনীতি ও কৃষিভিত্তিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। আধুনিক প্রযুক্তির ব্যবহার, উন্নত ব্যবস্থাপনা এবং খামারিদের প্রশিক্ষণের মাধ্যমে এ খাতকে আরও সমৃদ্ধ করা সম্ভব। অনুষ্ঠানের শেষ পর্বে প্রাণিসম্পদ খাতের উন্নয়নে অবদান রাখা ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের সম্মাননা স্মারক দেওয়া হয়।
পরে প্রাণিসম্পদ দপ্তরের কর্মকর্তারা উপজেলার বাকশিমইল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে গিয়ে শিক্ষার্থীদের মধ্যে পুষ্টিকর খাদ্য হিসেবে সিদ্ধ ডিম বিতরণ করেন। এ সময় শিশুদের সুষম খাদ্য গ্রহণ ও প্রাণিজ আমিষের গুরুত্ব সম্পর্কে সচেতনতামূলক বার্তা দেওয়া হয়। সরকারি কর্মকর্তা, খামারি, শিক্ষার্থী ও স্থানীয় বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের অংশগ্রহণে কর্মসূচিটি উৎসবমুখর হয়ে ওঠে।