সোমবার, ১৬ নভেম্বর, ২০২৬

পাঁচ ধাপে ৪ হাজার ৩০০ ইউনিয়ন পরিষদের নির্বাচন, ২১ জানুয়ারি থেকে ভোটের পরিকল্পনা; ১০ ডিসেম্বরের মধ্যে দলগুলোর সঙ্গে সংলাপ

নির্বাচন কমিশন সভা শেষে জানিয়েছে, দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে পাঁচ ধাপে ভোট হবে এবং প্রথম ধাপ শুরু হতে পারে ২১ জানুয়ারি।

দেশের ৪ হাজার ৩০০টি ইউনিয়ন পরিষদে (ইউপি) পাঁচ ধাপে নির্বাচন আয়োজনের পরিকল্পনা করেছে নির্বাচন কমিশন (ইসি)। প্রথম ধাপের ভোট ২১ জানুয়ারি থেকে শুরু করার পরিকল্পনা রয়েছে।

সোমবার কমিশন সভা শেষে ব্রিফিংয়ে এ তথ্য জানান নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ। তিনি বলেন, প্রথম ধাপে ১৩১টি উপজেলার ১ হাজার ৫০টি ইউনিয়ন পরিষদে ভোট হবে। দ্বিতীয় ধাপে ১২৯টি উপজেলার ১ হাজার ১০০টি, তৃতীয় ধাপে ১১৮টি উপজেলার ১ হাজার, চতুর্থ ধাপে ৯৩টি উপজেলার ৮০০ এবং পঞ্চম ধাপে ৩৭টি উপজেলার ৩৫০টি ইউনিয়নে নির্বাচন হবে।

নির্বাচন কমিশনার জানান, পঞ্চম ধাপে তুলনামূলক কম ইউনিয়ন রাখা হয়েছে। কারণ আইনি জটিলতা বা অন্য কোনো কারণে কিছু ইউনিয়নের নির্বাচন পিছিয়ে যেতে পারে; সেসব ইউনিয়ন পরে সমন্বয় করার সুযোগ রাখা হয়েছে। তাঁর ভাষ্য অনুযায়ী, ২১ জানুয়ারি থেকে ৫০ দিন আগে-পরে ভোট আয়োজনের পরিকল্পনা আছে এবং নির্ধারিত সময়ের মধ্যে জেলা নির্বাচন কর্মকর্তারা তফসিল ঘোষণা করবেন।

স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নিবন্ধিত রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপও করবে কমিশন। আবুল ফজল মো. সানাউল্লাহ বলেন, জাতীয় নির্বাচনের মতো এবারও দলগুলোর সঙ্গে আলোচনা হবে। নভেম্বরের শেষ দিকে বা ডিসেম্বরের শুরুতে নিবন্ধনের ক্রমানুসারে দলগুলোকে আমন্ত্রণ জানানো হবে। তিন দিনব্যাপী এই সংলাপ আগামী ১০ ডিসেম্বরের আগেই শেষ করার পরিকল্পনা রয়েছে।

তিনি আরও বলেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচন আয়োজনের জন্য প্রয়োজনীয় সব ব্যবস্থা নেবে নির্বাচন কমিশন।