নাটোরের নলডাঙ্গায় চাহিদামতো সার না পেয়ে ক্ষোভ ও উত্তেজনা প্রকাশ করেছেন কৃষকেরা। ডিলারের দোকানে সারের জন্য দীর্ঘ লাইনে দাঁড়িয়েও সার না পাওয়ায় এই পরিস্থিতির সৃষ্টি হয়েছে। বুধবার (৪ নভেম্বর) উপজেলার মাধনগর বাজারসহ বিভিন্ন এলাকায় সারের জন্য কৃষকদের ভোগান্তির চিত্র দেখা যায়।
কৃষকদের অভিযোগ, বরাদ্দ অনুযায়ী সার থাকা সত্ত্বেও ডিলাররা কৃত্রিম সংকট তৈরি করছেন এবং পর্যাপ্ত মজুত নেই বলে কৃষকদের ফিরিয়ে দিচ্ছেন। বর্তমানে বোরো ও রবি মৌসুমে জমিতে সারের চাহিদা বেশি। অনেকে ভোররাত থেকে লাইনে দাঁড়িয়ে থেকেও সার সংগ্রহ করতে পারছেন না বলে জানান তাঁরা।
কৃষকদের আরও অভিযোগ, কেউ কেউ বিভিন্নভাবে টোকেন জোগাড় করে লাইনে না দাঁড়িয়েই সার নিয়ে চলে যাচ্ছেন। অন্যদিকে টোকেন নিয়েও কাঙ্ক্ষিত সার না পেয়ে অনেককে ফিরে যেতে হচ্ছে। তাঁদের দাবি, অনেকে চাষাবাদ না করেও ভ্যান ভরে সার নিয়ে যাচ্ছেন।
কৃষকদের অসন্তোষ ও বিশৃঙ্খলার আশঙ্কায় ঘটনাস্থলে পুলিশ মোতায়েন করা হয়। উপজেলা কৃষি অফিস ও নলডাঙ্গা থানা থেকে পুলিশ ফোর্স গিয়ে পরিস্থিতি শান্ত করে এবং সুশৃঙ্খলভাবে সার বিতরণের ব্যবস্থা নিশ্চিত করার চেষ্টা চালায়। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে বলে জানা গেছে।
এ বিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা সবুজ আলী বলেন, সারের কোনো সংকট নেই। কৃত্রিম সংকট যাতে তৈরি না হয় এবং ডিলাররা যাতে নিয়মতান্ত্রিকভাবে কৃষকদের মধ্যে সার বিতরণ করেন, সে বিষয়ে তদারকি জোরদার করা হয়েছে। কৃষকদের আতঙ্কিত না হওয়ার পরামর্শ দিয়ে তিনি জানান, পর্যায়ক্রমে প্রতিটি এলাকায় পর্যাপ্ত সার সরবরাহ করা হবে। কৃষকেরা সঠিক তদারকির মাধ্যমে সার বিতরণের দাবি জানিয়েছেন, যাতে প্রকৃত কৃষক চাহিদা অনুযায়ী সার পান।