ঢাকা বিশ্ববিদ্যালয়ের তথ্য বিজ্ঞান ও গ্রন্থাগার ব্যবস্থাপনা বিভাগের ২০২১-২২ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মুশফিকুজ্জামান এবারকার ডাকসু নির্বাচনে অংশগ্রহণ করে কার্যনির্বাহী সদস্য পদে জয়ী হয়েছেন। গত ৯ সেপ্টেম্বর অনুষ্ঠিত নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে তিনি সহপাঠীদের আস্থা অর্জন করেন।
মুশফিকুজ্জামান রাজশাহীর গোদাগাড়ী উপজেলার উজানপাড়া গ্রামের সন্তান। তিনি মাটিকাটা আদর্শ ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপক এবং গোদাগাড়ী উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান কামরুজ্জামানের বড় ছেলে।
বিজয়ের খবর ছড়িয়ে পড়তেই গোদাগাড়ী উপজেলায় আনন্দের সঞ্চার হয়। তাঁর বাবা কামরুজ্জামান সন্তানের সাফল্যে উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, “এটি আমাদের পরিবারের জন্য যেমন গর্বের, তেমনি সমগ্র গোদাগাড়ী বাসীর জন্যও আনন্দের খবর। আমি দেশবাসীর কাছে দোয়া চাই, যেন মুশফিকুজ্জামান ছাত্র নেতৃত্বের মাধ্যমে সাধারণ শিক্ষার্থীদের কল্যাণে কাজ করতে পারে।”
বিজয়ী হওয়ার পর মুশফিকুজ্জামান বলেন, “আমি মুহসীন হলের প্রতিটি শিক্ষার্থীকে আন্তরিক ধন্যবাদ জানাই। আপনাদের বিশ্বাসই আমার শক্তি। আমি প্রতিশ্রুতি দিচ্ছি, সবসময় সহপাঠীদের পাশে থাকব এবং তাদের অধিকার ও স্বার্থ রক্ষায় কাজ করব।”