রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য এবং জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নায়েবে আমির অধ্যাপক মুজিবুর রহমান বুকে ব্যথা নিয়ে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি হয়েছেন। বৃহস্পতিবার সকালে তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়।
শুক্রবার সকালে সংসদ সদস্যের একান্ত সচিব অলিউল্লাহ মাসুম বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, বৃহস্পতিবার ভোর ছয়টার দিকে সংসদ সদস্য বুকে ব্যথা অনুভব করেন। এরপর দ্রুত তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
একান্ত সচিব আরও জানান, হাসপাতালে করা পরীক্ষায় সংসদ সদস্যের ইসিজি প্রতিবেদন স্বাভাবিক এসেছে এবং অন্যান্য সব পরীক্ষার ফলও স্বাভাবিক রয়েছে। অধ্যাপক মুজিবুর রহমান এখন সুস্থ ও শঙ্কামুক্ত আছেন বলে জানান তিনি। তবে চিকিৎসকেরা তাঁকে নিবিড় পর্যবেক্ষণে রেখেছেন।
অধ্যাপক মুজিবুর রহমান রাজশাহী-১ আসন, অর্থাৎ গোদাগাড়ী ও তানোর উপজেলার সংসদ সদস্য। তাঁর অসুস্থতার খবরে এলাকার নেতা-কর্মী ও সমর্থকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছিল। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী পরবর্তী চিকিৎসা চলবে বলে জানা গেছে।