উত্তেজনাকর পরিস্থিতির কারণে গোপালগঞ্জে প্রায় ৩৬ ঘণ্টা বন্ধ থাকার পর ঢাকা-খুলনা মহাসড়কে যান চলাচল শুরু হয়েছে। শুক্রবার সকাল ছয়টার পর থেকে দূরপাল্লার বাস ছেড়ে যাচ্ছে বলে সংশ্লিষ্ট পরিবহন কাউন্টারগুলো জানিয়েছে। পরিস্থিতি ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে।
গত বুধবার সন্ধ্যা থেকে গোপালগঞ্জের ওপর দিয়ে যাওয়া এই মহাসড়কে বাস চলাচল বন্ধ হয়ে যায়। বাগেরহাট, খুলনা, পিরোজপুর, সাতক্ষীরা, যশোর ও নড়াইলের অধিকাংশ বাস পদ্মা সেতু হয়ে ঢাকায় যায় গোপালগঞ্জ জেলার ওপর দিয়ে। স্থানীয় সূত্র ও পরিবহন সংশ্লিষ্টদের ভাষ্য অনুযায়ী, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগ ও যুবলীগের কর্মসূচি ঘিরে গোপালগঞ্জে সহিংসতা, ভাঙচুর ও অগ্নিসংযোগ হয়। মহাসড়কে গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখায় চলাচল পুরোপুরি বন্ধ হয়ে যায়। নিরাপত্তার কারণে ঢাকা ও চট্টগ্রামগামী ওই সব রুটের বাস বন্ধ রাখেন পরিবহনমালিকেরা। বৃহস্পতিবার বিকেল পর্যন্ত বৃষ্টির মধ্যেও নিষিদ্ধ সংগঠনগুলোর নেতা-কর্মীদের রামদা, হকিস্টিক ও লগি-বৈঠাসহ দেশীয় অস্ত্র নিয়ে বিভিন্ন মোড়ে বিক্ষোভ করার কথা জানা গেছে।
গোপালগঞ্জের পরিবহন কাউন্টারগুলো জানিয়েছে, শুক্রবার সকাল থেকে তাদের বাস স্বাভাবিকভাবে চলছে। ঢাকায় আটকে থাকা এক যাত্রী শামসুর রহমান বলেন, বুধবার রাত থেকে তিনি ঢাকায় আটকে ছিলেন; শুক্রবার সকাল ছয়টার পর বাস ছেড়েছে। তিনি জানান, ভাঙ্গা হয়ে গোপালগঞ্জে ঢোকার পর সড়কের ওপর কাটা গাছপালা কিছুটা সরানো হলেও পুরোপুরি পরিষ্কার হয়নি, তবে তার মধ্য দিয়েই গাড়ি চলছে। বাগেরহাট থেকে ঢাকাগামী এক পরিবহনের সুপারভাইজার আজিম উদ্দিন বলেন, সকাল থেকে সব বাস চলছে এবং গোপালগঞ্জের ভেতরে এখন কোনো সমস্যা নেই; বৃষ্টির কারণে গাড়ি কিছুটা ধীরে চলছে।
পণ্যবাহী যানও চলাচল শুরু করেছে। বুধবার সন্ধ্যার পর থেকে বাধার মুখে পড়ে গোপালগঞ্জের বিভিন্ন সড়কে পাঁচ শতাধিক ট্রাক ও কাভার্ড ভ্যান আটকে ছিল। বৃহস্পতিবার রাত ১০টার পর সেগুলো নিজ নিজ গন্তব্যে রওনা হয়। গোপালগঞ্জ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক শিপলু আহমেদ জানান, বৃহস্পতিবার রাত ১০টার মধ্যেই মহাসড়ক পরিষ্কার করা হয় এবং তখন থেকেই যানবাহন চলাচল শুরু হয়।
সিলেট থেকে পাথর নিয়ে বাগেরহাটের পথে থাকা ডাম্পট্রাকচালক মোহাম্মদ আলী জানান, মঙ্গলবার সন্ধ্যায় রওনা হয়ে বৃহস্পতিবার রাতে গোপালগঞ্জে ঢোকার পর কয়েক জায়গায় গাছ ও বিদ্যুতের খুঁটি ফেলে রাখা দেখেছেন। লোড গাড়ি দেখে কয়েক স্থানে তাঁদের ছেড়ে দেওয়া হলেও রাত ১০টার দিকে দোলা পাম্প এলাকায় গাছ ফেলে পুরো রাস্তা বন্ধ থাকায় তিনি আর এগোতে পারেননি।