কুষ্টিয়া জেলা ও মেহেরপুরের গাংনী উপজেলার সীমান্তে মাদক ও চোরাচালানবিরোধী পৃথক অভিযানে ৪ কোটি ৪৫ লাখ ৯৭ হাজার ৪৪২ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। এসব অভিযানে ১৭ জনকে আটক করা হয়েছে। শুক্রবার কুষ্টিয়া ব্যাটালিয়ন (৪৭ বিজিবি) থেকে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, গত সেপ্টেম্বর থেকে ১৯ নভেম্বর পর্যন্ত কুষ্টিয়া ব্যাটালিয়নের দায়িত্বপূর্ণ এলাকায় এসব অভিযান চালানো হয়। জব্দ করা মালামালের মধ্যে রয়েছে ৯৪ দশমিক ২৫ কেজি ওজনের একটি কষ্টিপাথরের মূর্তি, একটি আগ্নেয়াস্ত্র, দুই রাউন্ড গুলি ও ৯ হাজার ২৫০ কেজি সার। এ ছাড়া ৮৪১ বোতল বিদেশি মদ, ৯১৫ বোতল ফেনসিডিল, ১১১ দশমিক ৬০৮ কেজি গাঁজা, ১২ গ্রাম হেরোইন, ১১৯ পিস ইয়াবা ট্যাবলেট এবং ১ লাখ ৩০ হাজার ৫৬৩ পিস নেশাজাতীয় ট্যাবলেট উদ্ধার করা হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, গত ১৮ নভেম্বর গাংনীর তেঁতুলবাড়িয়া গ্রাম থেকে ছয়টি বোমাসদৃশ বস্তু উদ্ধার করে বিজিবি। পরে গাংনী থানা পুলিশের মাধ্যমে সেগুলো ধ্বংস করা হয়।
প্রেস বিজ্ঞপ্তিতে বিজিবির যশোর রিজিয়নের আওতাধীন কুষ্টিয়া ও খুলনা সেক্টরের সাতটি ব্যাটালিয়নের তথ্যও তুলে ধরা হয়েছে। একই সময়ে এ রিজিয়নে বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১৫৫ জনকে আটক করা হয়েছে এবং সব মিলিয়ে ৮৭ কোটি ৫৩ লাখ ৯৮ হাজার ৬৭৪ টাকা মূল্যের মাদকদ্রব্য ও চোরাচালানি মালামাল উদ্ধার করা হয়েছে। উদ্ধার করা মালামালের মধ্যে রয়েছে পাঁচটি আগ্নেয়াস্ত্র, ৯ দশমিক ৩৪৯ কেজি স্বর্ণ, ছয় রাউন্ড গুলি, বিদেশি মদ, ফেনসিডিল, হেরোইন, ইয়াবা, গাঁজা, ক্রিস্টাল মেথ (আইস) ও নেশাজাতীয় সিরাপ।