কুষ্টিয়া শহরের চৌড়হাস ফুলতলা এলাকায় বাবার অসুস্থতার খবর শুনে ছেলে মারা গেছেন। ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবরে অসুস্থ বাবাও কয়েক ঘণ্টা পর মারা যান। মৃত দুজন আবদুল মান্নান (৫৯) ও তাঁর বড় ছেলে মাহফুজুর রহমান (২৭)।
পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, আবদুল মান্নান দীর্ঘদিন ধরে অসুস্থ ছিলেন এবং কয়েক বছর ধরে শয্যাশায়ী ছিলেন। তাঁর চার ছেলেমেয়ে। বড় ছেলে মাহফুজুর শহরের একটি ছাপাখানায় কাজ করতেন। প্রায় আট মাস আগে তিনি বিয়ে করেছিলেন।
গতকাল মঙ্গলবার বিকেল পাঁচটার দিকে ছাপাখানায় কাজ করার সময় বাড়ি থেকে ফোন করে জানানো হয়, বাবা বেশি অসুস্থ। এ খবর পাওয়ার পরপরই মাহফুজুর অসুস্থ হয়ে পড়েন। সহকর্মীরা তাঁকে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
সহকর্মী শিপন ইসলাম বলেন, ফোনে বাবার অসুস্থতার খবর পাওয়ার পর মাহফুজুর চেয়ারের একদিকে হেলে পড়েন। হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক রুমন রহমান ধারণা করছেন, মস্তিষ্কে রক্তক্ষরণজনিত কারণে তাঁর মৃত্যু হয়েছে।
মাহফুজুরের মামাতো ভাই ফিরোজ আহমেদ জানান, রাতে ছেলের মরদেহ বাড়িতে নেওয়ার খবর পেয়ে আবদুল মান্নান আরও অসুস্থ হয়ে পড়েন এবং রাত ১১টার দিকে বিছানাতেই মারা যান।
সাবেক কাউন্সিলর সাইফুল হক ঘটনাটিকে হৃদয়বিদারক বলে উল্লেখ করে জানান, ছেলেটি পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি ছিলেন। আজ সকালে বাবা ও ছেলেকে পাশাপাশি কবরে দাফন করা হয়েছে।