শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬

রাজশাহীতে ডিবির ধাওয়ায় গাড়ি ফেলে পালালেন মাদক কারবারিরা, ৫২ বোতল সিরাপ উদ্ধার

উপশহর এলাকায় মহানগর গোয়েন্দা পুলিশের অভিযানের মুখে পালিয়ে যান মাসুম আলী ও রমজানসহ কয়েকজন; কেশবপুরে মেলে পরিত্যক্ত প্রাইভেট কার।

রাজশাহী মহানগর গোয়েন্দা (ডিবি) পুলিশের মাদকবিরোধী অভিযানে একটি প্রাইভেট কার থেকে ৫২ বোতল নেশাজাতীয় ব্রনকফ-সি সিরাপ উদ্ধার করা হয়েছে। পুলিশের উপস্থিতি টের পেয়ে অভিযুক্তরা গাড়িটি ফেলে পালিয়ে যান। গাড়ির পাশাপাশি একটি সিলার মেশিনও জব্দ করা হয়েছে।

পুলিশ জানায়, শুক্রবার (৩০ অক্টোবর) রাত আনুমানিক ১২টা ১৫ মিনিটে মহানগরীর বোয়ালিয়া থানার উপশহর এলাকায় পলাতক আসামি মাসুমের ভাড়া বাসার সামনে অভিযান চালায় ডিবি। এ সময় দামকুড়া থানার জাংগালপাড়া গ্রামের মো. মাসুম আলী (৪৩) এবং একই গ্রামের মো. রমজান (৩৫)সহ আরও দুই থেকে তিনজন প্রাইভেট কারে পালানোর চেষ্টা করেন।

ডিবি পুলিশ তাঁদের ধাওয়া করলে কেশবপুর দক্ষিণপাড়া নদীর ধার এলাকায় গাড়িটি ফেলে তাঁরা পালিয়ে যান। পরে গাড়ি তল্লাশি করে ৫২ বোতল সিরাপ পাওয়া যায়। মাদক বিক্রির কাজে ব্যবহৃত সিলার মেশিনসহ গাড়িটি জব্দ করা হয়।

পুলিশের তথ্য অনুযায়ী, মাসুম পেশাদার মাদক ব্যবসায়ী। রাজশাহী মহানগরের বিভিন্ন থানা ছাড়াও রাজশাহীর তানোর ও গোদাগাড়ী, নাটোরের বড়াইগ্রাম, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ এবং বগুড়ার নন্দীগ্রাম থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে তাঁর বিরুদ্ধে আলাদা ২২টি মামলা রয়েছে। দামকুড়া থানায় দণ্ডবিধির আইনে আরও একটি মামলা আছে।

রমজানের বিরুদ্ধেও দামকুড়া থানায় একটি মামলা রয়েছে। এ ছাড়া চাঁপাইনবাবগঞ্জে তাঁর বিরুদ্ধে একটি হত্যা মামলা ও ফেনসিডিল-সংক্রান্ত মামলা আছে বলে পুলিশ জানায়।

এ ঘটনায় পলাতক ও অজ্ঞাতনামা আসামিদের বিরুদ্ধে রাজপাড়া থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা হয়েছে। তাঁদের শনাক্ত ও গ্রেপ্তারে পুলিশের অভিযান চলছে।