রাজশাহী জেলা ও দায়রা জজ আদালত চত্বরে ইয়ামিন আলী নামে এক আইনজীবীকে ইট, বাঁশ ও লাঠিসোঁটা দিয়ে পিটিয়ে রক্তাক্ত করেছেন প্রতিপক্ষের লোকজন। রোববার (১৫ নভেম্বর) বেলা আড়াইটার দিকে আদালত চত্বরে রেঞ্জ রিজার্ভ ফোর্সের (আরআরএফ) কার্যালয়ের সামনে এ ঘটনা ঘটে। আহত আইনজীবীকে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
ঘটনার পর অভিযুক্ত চারজনকে আটক করে পুলিশের কাছে সোপর্দ করেন আইনজীবীরা। আটক ব্যক্তিরা হলেন মেহেদী হাসান, মো. নিয়াজ, মো. হাসানুল ও আব্দুল খালেক।
আহত ইয়ামিন আলীর বাড়ি রাজশাহীর গোদাগাড়ী উপজেলার আলোকছত্র গ্রামে। জমি-সংক্রান্ত বিরোধের একটি মামলায় তিনি নিজেই বাদী। রোববার ওই মামলার ধার্য তারিখে তিনি আদালতে উপস্থিত হয়েছিলেন। হামলাকারীরা ওই মামলার আসামিপক্ষের লোকজন বলে জানা গেছে।
রাজশাহী আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক পারভেজ তৌফিক জাহেদী জানান, আদালতের কার্যক্রম শেষে ইয়ামিন আলী আরআরএফ কার্যালয়ের সামনে ক্যানটিনের কাছে দাঁড়িয়ে ছিলেন। তখন প্রতিপক্ষের লোকজন ইট, বাঁশ ও লাঠিসোঁটা নিয়ে অতর্কিতে তাঁর ওপর হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।
জেলা ও দায়রা জজ আদালতের রাষ্ট্রপক্ষের আইনজীবী রইসুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মামলা করার জেরে এর আগেও একবার আদালত চত্বরে ইয়ামিন আলীকে মারধর করেছিলেন অভিযুক্তরা। ওই ঘটনায় মামলা হলেও পুলিশ সঠিকভাবে তদন্ত না করে আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করে, ফলে ঘটনার বিচার হয়নি। তাঁর ভাষ্য, আগের ঘটনার যথাযথ বিচার হলে নতুন করে এমন হামলা হতো না।
নগরের রাজপাড়া থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আবু জাফর জানান, আইনজীবীর ওপর হামলার ঘটনায় চারজনকে পুলিশি হেফাজতে নেওয়া হয়েছে। আইনজীবী সমিতির পক্ষ থেকে মামলা করার কথা রয়েছে। মামলা দায়ের হলে আটক চারজনকে গ্রেপ্তার দেখানো হবে বলে তিনি জানান।